‘রোগীর সব তথ্য থাকবে হেলথ কার্ডে, ৩ মাসের মধ্যে বিতরণ শুরু’

আগামী ৩ মাসের মধ্যে হেলথ কার্ড বিতরণ শুরু করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেছেন, এটি হবে বিজ্ঞানসম্মত ডিজিটাল কার্ড। এতে শরীরের জিন, ডাক্তার দেখানোসহ রোগীর সব রেকর্ড থাকবে। দেশের যে কোনো জায়গায় ডাক্তার দেখালে কিছু বলতে হবে না, কার্ড দেখেই ডাক্তার বুঝতে পারবেন সমস্যা।
বুধবার (১৮ মার্চ) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ ও গরিবদের মানবিক সহায়তা হিসেবে বিতরণের জন্য প্রধামন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে অনুদান বিতরণ করা হয়।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা নির্বাচনের প্রতিশ্রুতি যা দিয়েছি তা বাস্তববায়ন শুরু করেছি। ফ্যামিলি কার্ড বিতরণের মাধ্যমে আমাদের কথা রেখেছি। পর্যায়ক্রমে প্রতি মাসে সারা দেশে এই কার্ড বিতরণ করব।
তিনি বলেন, কৃষকের কৃষি ঋণের ১০ হাজার টাকা সমদয় সুদসহ মওকুফ করে দেওয়া হয়েছে। আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দেওয়া হবে। আমরা প্রত্যেকটা মন্ত্রণালয়ে সজাগ দৃষ্টি রেখে কাজ শুরু করছি।
সরদার সাখাওয়াত বলেন, আপনারা যে ভোট দিয়েছেন তার বিনিময়ে যেন কিছু কল্যাণ দিয়ে যেতে পারি। ভোট দিয়ে যাদের এমপি বানিয়েছেন তারা আপনাদের কাছে দায়বদ্ধ। আপনাদের খোঁজখবর রাখাসহ আমাদের জবাবদিহিতাও আছে। এই সরকার একটি দায়বদ্ধ সরকার।
তিনি আরও বলেন, গত সরকার সমাজকল্যাণ মন্ত্রণালয়ে ১০টি টাকাও ফান্ড রেখে যায়নি। তবুও এর মধ্যে প্রত্যেক ইউনিয়নের মসজিদ, মন্দির, গোরস্তানের জন্য আমরা ৩০ লাখ টাকা করে বরাদ্দ করেছি। আমরা মানুষের জন্য কাজ করা শুরু করেছি। আপনারা সহযোগিতা করলে দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত একটি সুন্দর সমাজ উপহার দিতে পারব।
মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এ মুহাইমিন আল জিহানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মনোহরদী উপজেলা সহকারী কমিশনার ভূমি সজিব মিয়া, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগ, উপজেলা বিএনপির সদস্য ভিপি মোস্তফা মিয়া প্রমুখ।