Advertisement

চা বাগানের নিমগাছে ঝুলছিল নবদম্পতির মরদেহ

এশিয়া পোস্ট নিউজ, মৌলভীবাজার
চা বাগানের নিমগাছে ঝুলছিল নবদম্পতির মরদেহ
ঘটনাস্থলে পুলিশ। ছবি : সংগৃহীত

মৌলভীবাজারের রাজনগরে চা বাগান থেকে বিয়ের মাত্র এক মাসের মাথায় এক নবদম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Advertisement

রোববার (১৬ আগস্ট) দুপুরে উপজেলার টেংরা ইউনিয়নের মাথিউড়া চা বাগানের একটি নিমগাছ থেকে একই রশিতে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন মঙ্গল বাউরী (৩৫) ও বিনতা বাউরী (৩২)। তারা দুজনই উপজেলার উদনা চা-বাগানের বাসিন্দা। বিনতা বাউরী এর আগে নিমাই বাউরীর স্ত্রী ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মাথিউড়া চা-বাগানের পাহারাদার স্বপন রাজভর একটি নিমগাছে রশিতে দুজনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তিনি রাজনগর থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। এ সময় পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

স্থানীয় ইউপি সদস্য রামভজন গোয়ালা বলেন, প্রায় এক মাস আগে মঙ্গল বাউরী ও বিনতা বাউরী কোর্ট ম্যারেজ করেন। বিয়ের পর বিষয়টি নিয়ে মঙ্গল বাউরীর প্রথম স্ত্রীর সঙ্গে পরিবারের সদস্যদের বিরোধ চলছিল। শনিবার রাতেও এ নিয়ে তাদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। পারিবারিক কলহের জের ধরে তারা দুজন আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে পারিবারিক কলহের বিষয়টি জানা গেছে। তবে এটি আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষ হওয়ার পর তা নিশ্চিত হওয়া যাবে।