logo
Advertisement

নাটোরে ফুটবল খেলা নিয়ে দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া

এশিয়া পোস্ট নিউজ,নাটোর
নাটোরে ফুটবল খেলা নিয়ে দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া
ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই কিশোর দলের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া। ছবি: ভিডিও থেকে নেওয়া

নাটোরের গুরুদাসপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই কিশোর দলের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও মারামারির ঘটনা ঘটেছে।

Advertisement

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার পাইলট স্কুল মাঠে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার বিকেলে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের শিধুলি মাঠে শিধুলি ও দেবদ্বার মোড় গ্রামের দলের মধ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলা চলাকালে উভয় দলের সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটি হলে তা স্থানীয়ভাবে মীমাংসা করে দেওয়া হয়। তবে আজ সকালে পাইলট স্কুল মাঠে উভয় পক্ষের সমর্থকরা এলে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়।

একপর্যায়ে তাদের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়, যা পরে মারামারি ও ধাওয়া-পাল্টাধাওয়ায় রূপ নেয়। লাঠিসোঁটা নিয়ে হাতাহাতির এ ঘটনায় উভয় পক্ষের কয়েকজন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, স্কুল মাঠে তুচ্ছ একটি ঘটনা ঘটেছিল। খবর পেয়ে পুলিশের একটি টিম পৌঁছানোর আগেই তারা চত্বর ছেড়ে চলে যায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে কোনো পক্ষ থেকে থানায় এখনও অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।