logo

পরিত্যক্ত গোডাউন থেকে টিসিবির ১৪৪৪ লিটার ভোজ্যতেল জব্দ

পরিত্যক্ত গোডাউন থেকে টিসিবির ১৪৪৪ লিটার ভোজ্যতেল জব্দ

জামালপুর শহরের বাগেরহাটা বটতলা এলাকার একটি পরিত্যক্ত গোডাউন থেকে ইটের নিচে লুকিয়ে রাখা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ১ হাজার ৪৪৪ লিটার ভোজ্যতেল জব্দ করা হয়েছে।

রোববার (১ মার্চ) বিকেলে র‌্যাব-১৪ ও ভোক্তা অধিকার অধিদপ্তর এ অভিযান পরিচালনা করে। এ সময় ২ জনকে আটক করা হয়।

ভোক্তা অধিকার ও র‌্যাব জানায়, নূর রাইস মিলের পরিত্যক্ত গোডাউনে যৌথভাবে অভিযান পরিচালনা করে তারা। এ সময় ইটের নিচে লুকিয়ে রাখা অবস্থায় টিসিবির ৭২২টি দুই লিটারের বোতল ভোজ্যতেল জব্দ করা হয়।

র‌্যাব-১৪ সিপিসি-১ কোম্পানি কমান্ডার মেজর লাবিব বলেন, দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ভোক্তা অধিকার অধিদপ্তরের জামালপুরের সহকারী পরিচালক শরিফুল ইসলাম বলেন, তেলের বোতলের মোড়ক তুলে ফেলা হয়েছে। এগুলো বিতরণ না করে এখানে এনে জমিয়ে রাখা হচ্ছিল।