logo

খুলনায় রিভলবার-গুলিসহ রফিক বাহিনীর দুই সহযোগী গ্রেপ্তার

খুলনায় রিভলবার-গুলিসহ রফিক বাহিনীর দুই সহযোগী গ্রেপ্তার
পুলিশের বিশেষ অভিযানে রিভলবার ও ৪১ রাউন্ড তাজা গুলিসহ গ্রেপ্তার হওয়া শীর্ষ সন্ত্রাসী ‘রফিক বাহিনী’র দুই সহযোগী। ছবি: এশিয়া পোস্ট

খুলনা মহানগরীতে বিশেষ অভিযান চালিয়ে একটি রিভলবার ও ৪১ রাউন্ড তাজা গুলিসহ শীর্ষ সন্ত্রাসী ‘রফিক বাহিনী’র দুই সক্রিয় সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে কেএমপির সহকারী পুলিশ কমিশনার (খুলনা জোন) মো. শফিকুল ইসলাম ও খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লোকমান হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তাররা হলেন মো. সালাউদ্দিন আহমেদ (২৯) ও আবিদ হাসান রানা (৩৮)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি দল লবণচরা থানাধীন ৪ নম্বর ওয়ার্ডের মধ্য হরিণটানা এলাকায় অভিযান চালায়। সকাল পৌনে ৭টার দিকে আবিদ হাসান রানার বাসার শয়নকক্ষের বিছানার নিচে তল্লাশি চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

উদ্ধার করা আলামতের মধ্যে রয়েছে একটি রিভলবার, একটি রিভলবারের কার্তুজ, ১৬টি পিস্তলের কার্তুজ এবং ২৪টি শর্টগানের তাজা কার্তুজ।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা খুলনা অঞ্চলের শীর্ষ সন্ত্রাসী ‘রফিক বাহিনী’র সক্রিয় সহযোগী বলে স্বীকার করেছে। তারা দীর্ঘদিন ধরে খুলনা মহানগরীতে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে সহযোগীদের কাছে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করে আসছিল বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় খুলনা সদর থানায় সংশ্লিষ্ট অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সহকারী পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম এশিয়া পোস্টকে বলেন, অপরাধী যতই সংঘবদ্ধ বা পরিকল্পিত হোক না কেন, তাদের আইনের আওতায় আনতে পুলিশ বদ্ধপরিকর।

তিনি জানান, এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য সহযোগী ও ইন্ধনদাতাদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

জননিরাপত্তা রক্ষা ও আইনের শাসন প্রতিষ্ঠায় খুলনা মহানগর পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।