logo

জামালপুরের হাটে এবার মেসি-নেইমার

জামালপুরের হাটে এবার মেসি-নেইমার
জামালপুরে শহরের ফেরিঘাট গরুর হাটে মেসি-নেইমার নামের ছাগল দুটি নজর কাড়ছে সবার। ছবি : এশিয়া পোস্ট

কোরবানির ঈদ সামনে এলেই মানুষের নামে পশুর নাম রাখার প্রবণতা বর্তমানে দেখা যাচ্ছে হরহামেশায়। এমনি এক ব্যক্তিক্রমী নামের কারণে জামালপুর শহরের ফেরিঘাট গরুর হাটে নজর কাড়ছে দুটি ছাগল। শুধু তাদের আকার-আকৃতিই নয়, নামের কারণে সাড়া ফেলেছে হাটজুড়ে। ফুটবল তারকা লিওনেল মেসি ও নেইমারের নামে রাখা হয়েছে ছাগল দুটির নাম।

হাটে গিয়ে দেখা যায়, ছাগল দুটি নিয়ে হাটের এক পাশে বসে আছেন মো. রিপন। তিনি শেরপুরের নারায়ণখোলা নখলা এলাকা থেকে ছাগল দুটি বিক্রির জন্য জামালপুরে এনেছেন। ছাগল দুটির সামনে ভিড় করছেন দর্শনার্থীরা। অনেকে দাম জিজ্ঞেস করছেন, কেউ ছবি তুলছেন, আবার কেউ শুধু নাম শুনেই মুচকি হাসছেন।

ছাগলের মালিক মো. রিপন জানান, ছাগল দুটি তোতাপুরী ও বিটল জাতের সংকরায়নের মাধ্যমে উৎপাদিত। প্রায় ২০ থেকে ২২ মাস ধরে তিনি এগুলো পালন করছেন। ফিড, ভুসি, ঘাস ও গাছের পাতা খাইয়ে বড় করেছেন ছাগল দুটি।

jamalpur1
jamalpur1

এদিকে ছাগল দুটির মধ্যে বড় ও দেখতে বেশি আকর্ষণীয় মেসি। তাই এর দামও বেশি। মেসির দাম চাওয়া হচ্ছে ১ লাখ ৩০ হাজার টাকা। আর নেইমারের দাম ৯০ হাজার টাকা। তবে দুটি একসঙ্গে বিক্রি করতে পারলে তিনি ২ লাখ টাকা চান।

রিপন বলেন, এই হাটে বিক্রি না হলে ঢাকায় নিয়ে বিক্রির চেষ্টা করব। ছাগল দুটির সঠিক খরচের হিসাব আলাদা করে কখনও করা হয়নি। কারণ এগুলো আমি নিজেই পালন করেছি। একই সঙ্গে আরও কয়েকটি ছাগল পালন করায় সব মিলিয়েই খাবার দেওয়া হয়েছে। তাই নির্দিষ্ট খরচ কত হয়েছে, তার হিসাব নেই।

ছাগল দুটি দেখতে আসা দর্শনার্থী হৃদয় বলেন, হাটে অনেক ছাগলই আছে, কিন্তু এই ২টার প্রতি আগ্রহ একটু বেশি। নামটাই ভিন্ন মেসি ও নেইমার। আমি নিজেও এসে ছবি তুললাম। আসলে ফুটবল তারকাদের নামে নাম রাখায় আলাদা একটা আকর্ষণ তৈরি হয়েছে। ছাগল দুটাও দেখতে সুন্দর।

হাটে ইতোমধ্যে বেশ কয়েকজন ক্রেতা দরদাম করেছেন। কেউ কেউ ১ লাখ ৪০ হাজার টাকা পর্যন্ত প্রস্তাবও দিয়েছেন। তবে রিপন এখনো আশাবাদী, আরও ভালো দাম পাবেন। শহরের ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, দাম একটু বেশি মনে হলেও ছাগল দুটি বেশ ভালো। অনেক যত্নে পালন করা হয়েছে, তা বোঝা যায়। এখন বাজারে ভালো ও বড় ছাগলের দাম এমনিতেই বেশি। দরদাম করছি, নাগালের মধ্যে এলে নেওয়ার ইচ্ছা আছে। বিশেষ করে ‘মেসি’ ছাগলটি আকারে বড় এবং দেখতে বেশ আকর্ষণীয়।