শনিবার সিরাজগঞ্জ যাবেন জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান শনিবার (২৪ জানুয়ারি) সিরাজগঞ্জ যাবেন। তার আগমনকে ঘিরে জেলা জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে।
এ উপলক্ষে শনিবার দুপুর ২টায় সিরাজগঞ্জ জেলা শহরে ইসলামিয়া সরকারি কলেজ মাঠে একটি বিশাল জনসভার আয়োজন করা হয়েছে।
জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মুহাম্মদ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সিরাজগঞ্জের জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন ডা. শফিকুর রহমান। জনসভা শেষে পাবনার উদ্দেশ্যে রওনা হবেন।
এ জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা শাহিনুর আলম।