‘এক ঘণ্টার ব্যবধানে সব শেষ হয়ে গেল’

‘আমাদের সারা বছরের খাবার মজুত ছিল ঘরে। মাত্র এক ঘণ্টার ব্যবধানে সব শেষ হয়ে গেল। এখন আমরা খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছি।’
আবেগাপ্লুত কণ্ঠে কথাগুলো বলছিলেন আলমগীর মজুমদার। ফেনীর ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নে অগ্নিকাণ্ডে তার বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (২ মার্চ) দুপুর ১২টার দিকে আনন্দপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের জাফর মজুমদারের বাড়িতে এই অগ্নিকাণ্ড ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রান্নাঘরে লাকড়ির চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই সেই আগুন পাশে থাকা গ্যাস সিলিন্ডারে লেগে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। অল্প সময়ের মধ্যেই পুরো টিনশেড ঘরটি জ্বলতে শুরু করে।
খবর পেয়ে ফুলগাজী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ঘরের ভেতরে থাকা মজুত করা ধান, চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় আসবাবপত্র ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ফুলগাজী ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর তারিকুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে অসাবধানতাবশত লাকড়ির চুলার আগুন থেকেই এই দুর্ঘটনার সূত্রপাত। রান্নাঘরে গ্যাস সিলিন্ডার ব্যবহারের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা জরুরি। আগুন লাগলে দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দিলে ক্ষয়ক্ষতি কমানো সম্ভব। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্ত করে নিশ্চিত করা হবে।