logo

হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি, চারদিন পর মারা গেল শিশুটি

হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি, চারদিন পর মারা গেল শিশুটি
মায়ের কোলে এক শিশুর স্বাস্থ্য পরীক্ষা করছেন চিকিৎসক। ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে। সম্প্রতি তোলা। ছবি: এশিয়া পোস্ট

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হওয়ার চার দিনের মাথায় শিশুটি মারা গেছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ময়মনসিংহের তারাকান্দা উপজেলা থেকে গত ২৫ সেপ্টেম্বর বিকেল পাঁচটার দিকে আড়াই বছরের শিশু ছেলেটিকে হাম আইসোলেশন ওয়ার্ডে নিয়ে এসে ভর্তি করা হয়। তাকেসহ অন্যান্য শিশুদের যথাযথ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছিল। মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে ওই শিশুটি হামের উপসর্গের পাশাপাশি নিউমোনিয়া ও হার্ট ফেইলিউরে মারা যায়।

এ নিয়ে হাসপাতালে ৭৫ শিশুর মৃত্যু হলো। গত ২৪ ঘণ্টায় হাম আইসোলেশন ওয়ার্ডে নতুন আরও ৪২ শিশু ভর্তি হয়েছে। এ নিয়ে সেখানে চিকিৎসাধীন মোট ১৩২ শিশু।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চলতি বছরের ১৭ মার্চ থেকে ৩০ সেপ্টেম্বর সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে চার হাজার ৬২৮ শিশু ভর্তি হয়েছে বলে জানান ডা. মোহাম্মদ মাইন উদ্দিন খান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩২ শিশু। এ নিয়ে এখন পর্যন্ত হাসপাতাল থেকে মোট ছাড়া পেয়েছে চার হাজার ৪২১ শিশু। তিনটি মেডিকেল টিম গঠন করে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

ডা. মোহাম্মদ মাইন উদ্দিন খান বলেন, অনেকে শিশুদেরকে জরুরি মুহুর্তে নিয়ে আসে। তাদেরকে সুস্থ করা কঠিন হয়ে পড়ে। হামের উপসর্গ দেখা দিলে শিশুকে অন্য শিশুদের থেকে আলাদা রাখতে হবে এবং হাসপাতালে নিয়ে আসতে হবে।