Advertisement

ব্যাটারি চুরির সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা

এশিয়া পোস্ট নিউজ, সাভার
ব্যাটারি চুরির সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা
আবুল খায়ের পাটোয়ারী। ছবি : সংগৃহীত

ঢাকার সাভারে ব্যাটারি চুরি সন্দেহে এক শারীরিক প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক রিকশা গ্যারেজ মালিক ও অটোচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নুর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আবুল খায়ের পাটোয়ারী (৩০) পেশায় একজন জেলে ছিলেন। গ্রেপ্তারকৃতরা হলেন সাভার পৌর এলাকার উলাইলের কর্ণপাড়া কুদঘর এলাকার রিকশা গ্যারেজ মালিক নুরুজ্জামান এবং অটোচালক শুভ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় তুচ্ছ ঘটনা ও ব্যাটারি চুরি সন্দেহে আবুল খায়েরকে গ্যারেজ মালিক নুরুজ্জামান ও তার সহযোগীরা বেধড়ক মারধর করে। একপর্যায়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে রাতে অভিযুক্তরাই তাকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় খায়েরের মৃত্যু হলে অভিযুক্তরা হাসপাতাল থেকে পালিয়ে যায়।

খবর পেয়ে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) ইসমাইল হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ বিষয়ে সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ বলেন, প্রাথমিক তদন্ত ও হত্যার অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ঠিক কী কারণে বা কোন পরিস্থিতিতে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিষয় :সাভার