জামালপুরে ভাড়া বাসা থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জামালপুর সদর উপজেলার নান্দিনা পূর্বপাড়া এলাকায় একটি ভাড়া বাসা থেকে শারমিন আক্তার (২৫) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৯ আগস্ট) সকালে এ ঘটনাটি ঘটে।
নিহত শারমিন আক্তার সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের শ্যামপুর এলাকার হাসেম মিয়ার মেয়ে। তার স্বামী জহুরুল ইসলাম। তারা নান্দিনা পূর্বপাড়ায় মনির হোসেনের বাড়ির তৃতীয় তলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে শারমিনের স্বামী জহুরুল তার এক আত্মীয়কে ফোন করে জানান, ফ্ল্যাটের একটি কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ রয়েছে এবং দীর্ঘ সময় ডাকাডাকি করেও কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। খবর পেয়ে শারমিনের স্বজনরা ঘটনাস্থলে এসে দরজা ভেঙে কক্ষে প্রবেশ করেন। এ সময় তারা শারমিনকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে নিচে নামিয়ে আনা হলে মৃত অবস্থায় পাওয়া যায়।
খবর পেয়ে জামালপুর সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


