logo

কাজের মান নিয়ে প্রশ্ন করায় বাঁশ নিয়ে প্রকৌশলীকে ধাওয়া দেন ঠিকাদার

কাজের মান নিয়ে প্রশ্ন করায় বাঁশ নিয়ে প্রকৌশলীকে ধাওয়া দেন ঠিকাদার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় সড়ক ও জনপথ বিভাগের এক উপসহকারী প্রকৌশলীকে বাঁশ নিয়ে ধাওয়া করেছেন ঠিকাদার।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার শিবপুর এলাকার এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শিবপুর এলাকায় একটি সড়ক উন্নয়ন কাজ চলছে। প্রকল্পের প্রকৌশলী তরিকুল ইসলাম ও ঠিকাদার লোকমান হোসেনের মধ্যে কথা কাটাকাটি হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঠিকাদার ক্ষিপ্ত হয়ে বাঁশ হাতে নিয়ে প্রকৌশলীকে মারধরের উদ্দেশ্যে ধাওয়া করেন।

এ ব্যাপারে উপসহকারী প্রকৌশলী তরিকুল ইসলাম জানান, মেরকুটা থেকে শিবপুর পর্যন্ত প্রায় সাড়ে ৪ কিলোমিটার সড়কের নির্মাণ কাজ করছেন ঠিকাদার লোকমান হোসেন। নিম্নমানের কাজের অভিযোগ পেয়ে রোববার সড়কটির নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়। এতে লোকমান ক্ষিপ্ত হয়ে হামলার চেষ্টা করেন।

নবীনগর উপজেলা প্রকৌশলী মোহাম্মদ ফেরদৌস আলী জানান, অনিয়মের অভিযোগ যাচাই-বাছাই করতে ঢাকা থেকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি টিম পরিদর্শনে আসে। তাদের পরিদর্শনের সময় ঠিকাদার লোকমান হোসেন ও তার গাড়িচালক তরিকুল ইসলাম তাদের ওপর হামলার চেষ্টা করেন।

বিষয়টি নিয়ে জানতে ঠিকাদার লোকমান হোসেনের ফোনে কল দিয়ে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তিনি কল রিসিভ না করায় কোনো বক্তব্য পাওয়া যায়নি।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম বলেন, ঘটনা শুনেছি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।