logo

কথা রেখেছেন নির্বাচনে পরাজিত শিশির মনির

কথা রেখেছেন নির্বাচনে পরাজিত শিশির মনির

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের জামায়াতে ইসলামীর আলোচিত সংসদ সদস্য প্রার্থী ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির নির্বাচনে পরাজিত হয়েও নিজের দেওয়া কথা রেখেছেন।

আগের দেওয়া কথামতো তিনি শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় প্রতিদ্বন্দ্বী বিজয়ী বিএনপি প্রার্থী মো. নাছির চৌধুরীর দিরাই উপজেলা সদরের আনোয়ারপুরের বাসায় ফুলের তোড়া নিয়ে গিয়েছেন। বিজয়ী প্রার্থী মো. নাছির চৌধুরীর হাতে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান ও মিষ্টিমুখ করান।

এ সময় শিশির মনির দিরাই-শাল্লার উন্নয়নে বিজয়ী প্রার্থীকে সহযোগিতার কথা বলেন। তাকে নির্বাচনি এলাকার সম্প্রীতি ও সৌহার্দ বজায় রেখে কাজ করার অনুরোধ করেন।

দিরাই উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. আল আমিন, শাল্লা উপজেলা জামায়াতের আমির নূরে আলম সিদ্দিক, প্রধান নির্বাচনি এজেন্ট রেজাউল ইসলাম, দিরাই উপজেলা জামায়াত নেতা ইমরান হোসাইনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এর আগে, গতকাল বৃহস্পতিবার রাতে নির্বাচনের প্রাথমিক ফলাফল জানার পরপরই তিনি নিজের ফেসবুকে পেজে নাছির চৌধুরীকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছিলেন।

গত ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের দিন সুনামগঞ্জের রিটার্নিং অফিসারের কার্যালয়ের সামনে গণমাধ্যমকে তিনি বলেছিলেন, ‘নির্বাচনে হারলেও প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসায় একটি বড় ফুলের তোড়া নিয়ে যাবেন। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যিনি বিজয়ী হবেন, তাকেই তিনি অভিনন্দন জানাবেন।’

তিনি বলেছিলেন, ‘আমি হেরে গেলেও বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানাতে আমার কোনো আপত্তি নেই। আবার আমি জিতলেও অন্য প্রার্থীদের সঙ্গে নিয়ে কাজ করতে আমার কোনো আপত্তি নেই। জনগণ যে রায় দেবে, আমরা তা সাদরে গ্রহণ করব। গালিগালাজ ও বকাবকির রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। যারা দেশের জন্য জীবন দিয়েছেন, তাদের আত্মার শান্তির জন্যও একটি সুস্থ রাজনৈতিক সংস্কৃতি জরুরি।’

সুনামগঞ্জ-২ আসনে বিএনপির প্রার্থী নাছির চৌধুরী ধানের শীষ প্রতীকে পেয়ে ৯৯ হাজার ৫২২ ভোট বিজয়ী হয়েছেন। জামায়াত ইসলামের প্রার্থী শিশির মনির দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৬৩ হাজার ২২০ ভোট।