logo

বিদ্যালয় মাঠে আবর্জনা, প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রতিমন্ত্রীর নির্দেশ

বিদ্যালয় মাঠে আবর্জনা, প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রতিমন্ত্রীর নির্দেশ

বগুড়ার শিবগঞ্জ উপজেলার পীরব ইউনিয়নের সিহালী উচ্চবিদ্যালয়ে অস্বাস্থ্যকর পরিবেশ দেখে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ সময় তিনি ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার নির্দেশ দিয়েছেন।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে পরিদর্শনে গিয়ে বিদ্যালয়ের সার্বিক পরিবেশ দেখে অসন্তোষ প্রকাশ করেন তিনি। 

প্রতিমন্ত্রী বলেন, যেখানে শিক্ষার্থীরা শিক্ষাগ্রহণ করে, সেই পরিবেশ অবশ্যই পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও শৃঙ্খলাপূর্ণ হওয়া জরুরি।

তিনি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার নির্দেশ দেন। একইসঙ্গে দ্রুত সময়ের মধ্যে বিদ্যালয়ের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন ও শিক্ষাবান্ধব করে তোলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের তাগিদ দেন।

এ সময় সিহালী উচ্চবিদ্যালয়ের একাডেমিক ভবন বরাদ্দের চিঠি প্রদান করা হয় এবং প্রস্তাবিত ভবনের স্থান পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। নবনির্মিত ভবনের কাজ দ্রুত বাস্তবায়নের পাশাপাশি পরিবেশগত মান বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।