জঙ্গল সলিমপুরের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে পুলিশ: ডিআইজি

চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আহসান হাবীব পলাশ দাবি করেছেন, চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে পুলিশ। এই এলাকার নিরাপত্তায় র্যাব ও পুলিশের দুটি ক্যাম্প স্থাপন করা হবে। আজ সোমবার (৯ মার্চ) দুপুরে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
ডিআইজি আহসান হাবীব পলাশ বলেন, আমাদের অভিযান চলমান। র্যাব, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও এপিবিএনের মোট ৩ হাজার ২০০ সদস্য এই অভিযানে অংশ নিয়েছেন। আমাদের প্রধান লক্ষ্য ছিল এই বিশাল এলাকায় আমাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করা এবং আমরা তা পেরেছি। আজ থেকে এই এলাকার নিরাপত্তায় পুলিশ ও র্যাবের দুটি ক্যাম্প চালু হবে।
এর আগে সোমবার ভোরে জঙ্গল সলিমপুরে যৌথ অভিযান শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযানে কিছু অস্ত্র উদ্ধার এবং প্রায় ১৫ জনকে আটকের কথা জানানো হয়েছে।
গত জানুয়ারিতে জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে র্যাব কর্মকর্তা নিহত হন। এরপর সেখানে সমন্বিত অভিযান চালানোর বিষয়টি সামনে আসে। তবে জাতীয় সংসদ নির্বাচন সামনে থাকায় ওই সময় আর অভিযান চালানো হয়নি। আজ ভোরে সেই অভিযান পরিচালনা করা হয়।