logo
Advertisement

সুনামগঞ্জে তালাবদ্ধ ঘরে মিলল বৃদ্ধার পচা লাশ

এশিয়া পোস্ট নিউজ,সুনামগঞ্জ
সুনামগঞ্জে তালাবদ্ধ ঘরে মিলল বৃদ্ধার পচা লাশ
তালাবদ্ধ ঘর থেকে বৃদ্ধার গলিত মরদেহ উদ্ধার। ছবি: এশিয়া পোস্ট

সুনামগঞ্জের জগন্নাথপুরে তালাবদ্ধ একটি ঘর থেকে আছিয়া বেগম (৬৫) নামের এক বৃদ্ধার পচা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বজনদের ধারণা, টাকার জন্য তাকে হত্যা করা হতে পারে।

Advertisement

সোমবার (৩১ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে জগন্নাথপুর পৌরসভার ইনাতনগর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আছিয়া বেগম ওই এলাকার মৃত খালিক মিয়ার স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একমাত্র মেয়েকে বিয়ে দেওয়ার পর থেকে ইনাতনগর এলাকার নিজ বাড়িতে একাই বসবাস করতেন আছিয়া বেগম। গত বৃহস্পতিবার চিকিৎসার উদ্দেশ্যে জেলা শহর সুনামগঞ্জে গিয়েছিলেন তিনি। এরপর থেকেই স্বজনদের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সোমবার রাতে স্থানীয় বাসিন্দারা তালাবদ্ধ ঘরটির পাশ দিয়ে যাওয়ার সময় তীব্র দুর্গন্ধ পান। বিষয়টি সন্দেহজনক মনে হলে তারা তাৎক্ষণিকভাবে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের তালা ভেঙে প্রবেশ করে খাটের ওপর কম্বল গায়ে অর্ধগলিত ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করে।

নিহতের মেয়ে কল্পনা বেগম বলেন, বৃহস্পতিবার বিকেলের পর থেকে মায়ের সঙ্গে আমার আর কোনো যোগাযোগ হয়নি। বারবার মোবাইলে ফোন করলেও তাকে পাওয়া যায়নি। তিনি বাড়িতে একাই থাকতেন।

নিহতের জামাতা দিলশাদ মিয়া বলেন, আমার শাশুড়ির সঙ্গে কারও কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল না। তবে চিকিৎসার জন্য তার কাছে নগদ ৪০ থেকে ৫০ হাজার টাকা ছিল। আমাদের ধারণা, ওই টাকার লোভেই তাকে হত্যা করে ঘাতকরা বাইরে থেকে দরজায় তালা দিয়ে পালিয়ে গেছে।

ঘটনাস্থল পরিদর্শনকারী জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, মরদেহের বেশিরভাগ অংশে পচন ধরেছে। ময়নাতদন্ত সম্পন্ন করার জন্য মঙ্গলবার সকালে মরদেহটি সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, উদ্ধারের সময় ঘরটির একমাত্র প্রবেশপথটি বাহির থেকে তালাবদ্ধ অবস্থায় পাওয়া গেছে। মরদেহ উদ্ধারের পর থেকেই পুলিশ বিষয়টির তদন্তে কাজ শুরু করেছে। আশা করছি দ্রুতই ঘটনার পেছনের রহস্য উন্মোচন করা সম্ভব হবে।