logo

২৪ ঘণ্টায় হাম ওয়ার্ডে ভর্তি ২৩ শিশু

২৪ ঘণ্টায় হাম ওয়ার্ডে ভর্তি ২৩ শিশু

সারা দেশের মতো বরিশালেও দেখা দিয়েছে হামের প্রাদুর্ভাব। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের শিশু বিভাগের হাম ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে ২৩ শিশু। হাম রোগ নিয়ে মোট ৫২ শিশু ভর্তি রয়েছে ওয়ার্ডটিতে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শিশু বিভাগে এখন পর্যন্ত ২৬৪ জন রোগী ভর্তি রয়েছে, এর মধ্যে ২২৭ জনের হাম শনাক্ত হয়েছে। এই হাসপাতালে তিনটি আলাদা আইসোলেশন রুম করা হয়েছে। তবে একেকটি বেডে ৩ থেকে ৪টি শিশুকে রাখা হয়েছে। পর্যাপ্ত স্থান ও বেড না থাকায় ভোগান্তিতে পড়েছেন চিকিৎসা নিতে আসা রোগীর স্বজনরা। 

আবার শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালটিতে শিশুদের জন্য আইসিইউ কেয়ারের কোনো ব্যবস্থা নেই। ছোঁয়াচে এই রোগে স্বজনরাও রয়েছেন অনেকটা আতঙ্কে। ঠাসাঠাসি করে এভাবে রাখার কারণে অন্য রোগীরাও আতঙ্কে রয়েছে ওয়ার্টিতে। 

বিভাগের সবচেয়ে বড় এই চিকিৎসাকেন্দ্রে হাম রোগের চিকিৎসায় পর্যাপ্ত পরিমাণ সুযোগ-সুবিধা এবং আইসিইউর ব্যবস্থা না থাকায় চিকিৎসাসেবা দিতে অনেকটাই অসুবিধা হচ্ছে বলে জানিয়েছেন শিশু বিভাগের প্রধান ডা. বিকাশ চন্দ্র নাগের। পর্যাপ্ত স্থান এবং বেড ও জটিল রোগীদের জন্য আইসিইউ কেয়ারের ব্যবস্থা থাকাটা জরুরি মনে করছেন তিনি। এ বিষয়ে সরকার দৃষ্টি দেবেন বলে প্রত্যাশা তার।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল জানিয়েছেন, হাম প্রতিরোধে এবং এর চিকিৎসায় বিভাগের সব হাসপাতালগুলোতে ব্যবস্থা নেওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর বরিশাল বিভাগের তথ্যমতে, গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে আট শিশু মৃত্যুবরণ করেছে। তাদের মধ্যে বরগুনায় ৩ জন, বরিশালে একজন, ভোলায় ২ জন এবং ঝালকাঠিতে ২ জন রয়েছে।