ওসমানী বিমানবন্দরে পাখি তাড়াতে আনসারের গুলি, আহত পরিচ্ছন্নতাকর্মী

সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আনসার সদস্যের ছোড়া গুলিতে রুবেল আহমদ নামে এক পরিচ্ছন্নতাকর্মী আহত হয়েছেন। তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ওসমানী বিমানবন্দরের রানওয়েতে এই দুর্ঘটনা ঘটে। তবে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটি দুর্ঘটনাবশত ঘটেছে।
জানা গেছে, সকালে গাড়ি নিয়ে রানওয়েতে টহল দিচ্ছিলেন আনসার সদস্য মোজাম্মেল। এ সময় তিনি পাখি তাড়ানোর জন্য নিজের কাছে থাকা শর্টগান থেকে গুলি ছোড়েন। গুলিটি পাশে থাকা পরিচ্ছন্নতাকর্মী রুবেলের কোমরে লাগে। ঘটনার পরপরই তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
সাধারণত পাখি তাড়ানোর জন্য গাড়ি থেকে নেমে গুলি করার নিয়ম থাকলেও আনসার সদস্য মোজাম্মেল গাড়িতে বসেই গুলি ছোড়েন বলে অভিযোগ উঠেছে।
এ ব্যাপারে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বলেন, গুলি লাগার বিষয়টি ইচ্ছাকৃত নয়, দুর্ঘটনাবশত ঘটেছে। পরিচ্ছন্নতাকর্মীর আঘাতও তেমন গুরুতর নয়।
তিনি আরও জানান, এ ঘটনায় নিয়মের কোনো ব্যত্যয় বা গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হবে।
