পঞ্চগড় সীমান্তের শূন্যরেখায় ১০ জনের দুর্বিষহ ৫৫ ঘণ্টা

বৈঠকের পর বৈঠকে হয়নি কোনো সুরাহা। সীমান্তকেন্দ্রিক জটিলটায় দুর্বিষহ সময় পার করছেন ১০ ব্যক্তি। কথিত বাংলাদেশি বলে তাদের ঠেলে পাঠায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
পঞ্চগড় সীমান্তের শূন্যরেখায় রোববার (৭ জুন) দুপুর পর্যন্ত প্রায় ৫৫ ঘণ্টা ধরে তারা অবস্থান করছেন। গত শুক্রবার (৫ জুন) ভোর পাঁচটার দিকে তাদেরকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়।
পঞ্চগড়ের হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি প্রধানপাড়া সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ওই ১০ জনকে বাংলাদেশে ঢুকতে দেয়নি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। প্রতিরোধ করা হয় বিএসএফ-৯৩ ব্যাটালিয়নের টিয়া পাড়া ক্যাম্পের ঠেলে পাঠানোর চেষ্টা।
সীমান্ত সূত্র জানায়, রোববার দুপুর পর্যন্ত ওই ১০ সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছিলেন। একটি ক্ষেতের মধ্যে তারা রয়েছেন। সেখানে অস্থায়ীভাবে প্লাস্টিক দিয়ে থাকার ব্যবস্থা করেছেন তারা। বাঁশের খুঁটি গেড়ে রেখেছেন জামাকাপড়।
বিজিবি জানায়, শুক্রবার থেকে কয়েক কয়েক দফা দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বৈঠক হয়েছে। কোম্পানি থেকে শুরু করে সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। বিএসএফ ওই ১০ জনকে ফিরিয়ে নিতে অস্বীকৃতি জানিয়ে আসছে।
নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সিরাজুল ইসলাম বলেন, রোববার সকাল পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। আমরা তাদের (বিএসএফ) বলেছি–কোনো নাগরিককে অবৈধভাবে পুশইন করা যাবে না। আমাদের অবস্থান অত্যন্ত কঠোর।
