logo

নিরাপত্তার শঙ্কায় বাগেরহাট থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ

নিরাপত্তার শঙ্কায় বাগেরহাট থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ
নিরাপত্তার শঙ্কায় বাগেরহাট থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ। ছবি: এশিয়া পোস্ট

নিরাপত্তার শঙ্কা ও যাত্রী সংকটের কারণে বাগেরহাট থেকে দূরপাল্লার যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। রোববার (২৯ নভেম্বর) সকাল থেকে বাগেরহাট বাসস্ট্যান্ড থেকে কোনো দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। তবে জেলার অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

বাগেরহাট বাস-মিনিবাস মালিক সমিতির সহসভাপতি শাহজাহান মিনা জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে সড়কে সহিংসতা ও যানবাহনের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে বিকল্প পথে বাস চলাচলের সিদ্ধান্ত নিয়েছিল খুলনা মোটর শ্রমিক ইউনিয়ন। এ ক্ষেত্রে গোপালগঞ্জ এড়িয়ে আরিচা ঘাট হয়ে বাস চালানোর পরিকল্পনা করা হয়েছিল। তবে সড়কে নিরাপত্তার শঙ্কা ও যাত্রী সংকটের কারণে বাগেরহাট থেকে সব ধরনের দূরপাল্লার যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। জেলার অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

Advertisement

বাগেরহাট বাসস্ট্যান্ডের দোলা পরিবহনের কাউন্টার ম্যানেজার নাঈম শেখ বলেন, আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে সহিংসতার ঘটনা ঘটছে। এ কারণে বাগেরহাট থেকে দোলা পরিবহনের সব বাস চলাচল বন্ধ রয়েছে। পাশাপাশি ঢাকাগামী যাত্রীর সংখ্যাও প্রায় নেই।

বাগেরহাট বাসস্ট্যান্ডে আসা ঢাকাগামী যাত্রী সলেমান হাওলাদার বলেন, জরুরি প্রয়োজনে তাকে ঢাকায় যেতে হবে। কিন্তু মোড়েলগঞ্জ থেকে বাগেরহাটে এসেও ঢাকাগামী কোনো বাস পাননি। তাই লোকাল বাসে করে বাগেরহাট থেকে খুলনায় যাচ্ছেন। সেখানে ঢাকাগামী বাস পেলে তাতে করে ঢাকায় যাবেন।

এদিকে, বাগেরহাটের মোল্লাহাটে মধুমতি সেতুর টোলপ্লাজা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে শনিবার দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদৎ হোসেন বলেন, মধুমতি সেতু এলাকায় শনিবারের সংঘর্ষ ও সহিংসতার ঘটনায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।