১৪ বছরেও শুকায়নি তাজরীন ট্র্যাজেডির ক্ষত, কাঙ্ক্ষিত ক্ষতিপূরণ পাননি আহত শ্রমিকরা

আজ ২৪ নভেম্বর। ২০১২ সালের এই দিনে আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরীন ফ্যাশনসের বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকণ্ডে প্রাণ হারান ১১২ জন শ্রমিক। আহতদের অনেকেই বরণ করেছেন পঙ্গুত্ব। আবার যারা বেঁচে ফিরিছেন তাদের অনেকেই এখনও স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি। চিকিৎসা ও পুনর্বাসনের প্রতিশ্রুতি ফাইলবন্দি হয়ে থাকায় চরম মানবেতর জীবন কাটছে তাদের।
সোমবার (২৪ নভেম্বর) সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরীন ফ্যাশনস কারখানার সামনে মানববন্ধন করেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। এ সময় অগ্নিকাণ্ডে নিহত শ্রমিকদের স্মরণে অস্থায়ী বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা।
মানববন্ধনে শ্রমিক নেতারা জানান, সরকারি হিসাবে ওই অগ্নিকাণ্ডে ১১৪ জন শ্রমিকের মৃত্যু হয়। আহত হন দুই শতাধিক। বাস্তবে আহত শ্রমিকের সংখ্যা এক হাজারের বেশি। তাদের মধ্যে ১৭২ জন স্থায়ীভাবে পঙ্গুত্ববরণ করেছেন। অনেকেরই আর কর্মজীবনে ফেরার সামর্থ্য নেই। ফলে শারীরিক যন্ত্রণার পাশাপাশি জীবিকা নিয়েও সংকটে রয়েছেন তারা।
তাজরীন অগ্নিকাণ্ডের পর আহত শ্রমিকদের চিকিৎসা, পুনর্বাসন ও কর্মসংস্থানের বিষয়ে নানা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু সেসব প্রতিশ্রুতির বেশির ভাগই বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ শ্রমিক নেতাদের। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আহত শ্রমিকদের অনেকে প্রয়োজনীয় চিকিৎসা ও পুনর্বাসন না পাওয়ায় মানবেতর জীবন যাপন করছেন।
দিবসটি উপলক্ষে শ্রমিক নেতারা ক্ষতিগ্রস্ত কারখানা ভবনটি ভেঙে সেখানে আহত শ্রমিকদের জন্য বাসস্থান এবং শ্রমিকদের জন্য হাসপাতাল নির্মাণের দাবি জানান। এ ছাড়া নিহত শ্রমিকদের এক জীবনের আয়ের সমপরিমাণ অর্থ ক্ষতিপূরণ হিসেবে দেওয়া, আহত শ্রমিকদের সুচিকিৎসা ও কর্মসংস্থানের ব্যবস্থা এবং অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ী কারখানার মালিকসহ অন্যদের বিচার নিশ্চিত করার দাবি জানান তারা।
আহত শ্রমিক নাসিমা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আগুনের হাত থেইকা বাঁচতে চারতলা থেইকা লাফ দিয়া পড়ছিলাম। জীবন তো বাঁচছে, কিন্তু কোমরের হাড় ভাইঙা চিরতরে পঙ্গু হইয়া গেছি। ১৪ বছর ধইরা শুধু ব্যথানাশক ওষুধ খাইয়া দিন পার করতেছি। সরকার আর মালিকেরা কত চিকিৎসার কথা কইল, ঘর দেওয়ার কথা কইল, আজ পর্যন্ত একটা টাকাও সাহায্য পাই নাই। এখন ভারী কাম করতে পারি না, ঘরে খাওয়ার খাবার নাই। আমাগো এই কান্দন দেখার মতো কেউ নাই।
২০১২ সালের ২৪ নভেম্বর সন্ধ্যায় কারখানার নিচতলার গুদামঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে নয়তলা ভবনের বিভিন্ন তলায়। নিচতলার ফটক তালাবদ্ধ থাকায় অনেক শ্রমিক বের হতে পারেননি। প্রাণ বাঁচাতে যারা ওপরের তলা থেকে লাফিয়ে পড়েছিলেন, তাদের অনেকে বেঁচে গেলেও গুরুতর আহত হন। তাদের হাত-পা, বুকের পাঁজর ও কোমরসহ শরীরের বিভিন্ন হাড় ভেঙে যায়। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাদের অনেকে আর স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি।
