logo
Advertisement

বিস্ফোরণে সিলিন্ডার উঠল ৫০ ফুট ওপরে, আহত ২

এশিয়া পোস্ট নিউজ, চট্টগ্রাম
বিস্ফোরণে সিলিন্ডার উঠল ৫০ ফুট ওপরে, আহত ২
বিস্ফোরণের পর দুর্ঘটনাস্থলে ধুমড়ে-মুচড়ে যাওয়া সিলিন্ডারটি দেখছেন স্থানীয়রা। ছবি : এশিয়া পোস্ট

চট্টগ্রামের মিরসরাইয়ে গাড়ির চাকার হাওয়া দেওয়ার সিলিন্ডার বিস্ফোরণে দুজন আহত হয়েছেন।

Advertisement

মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ৯টায় উপজেলার বড়তাকিয়া বাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে।

এতে গ্যারেজ মালিক ইমন হোসেন (২৫) ও ইউনুস (৩৫) নামের দুজন গুরুতর আহত হয়েছেন।

জানা গেছে, উপজেলার বড়তাকিয়া বাজারের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের প্রবেশমুখে একটি গাড়ির চাকায় হাওয়া দেওয়ার দোকানে হাওয়া ভরার সময় হঠাৎ সেটি বিস্ফোরিত হয়ে অন্তত ৫০ ফুট ওপরে উঠে যায় এবং দোকানের ওপর পড়ে। এ সময় সিলিন্ডারটি দ্বিখণ্ডিত হয়ে যায় এবং দুটি দোকান পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণে প্রায় ১ কিলোমিটারজুড়ে বিকট শব্দ তৈরি হলে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় ব্যবসায়ী আলমগীর হোসেন জানান, সকাল সাড়ে ৯টায় আমি দোকান খুলি। তার আগে ইমন দোকান খুলে হাওয়ার মেশিন চালু করে। কিছুক্ষণ পর হঠাৎ বিকট শব্দে আশপাশের সবকিছু কেঁপে ওঠে। এ সময় এক ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হয়। দুই শত লিটার ধারণক্ষমতার বিশাল আকারের হাওয়ার সিলিন্ডার বিস্ফোরণের সঙ্গে সঙ্গে আমার দোকানের মালামাল তছনছ হয়ে যায়।

এ বিষয়ে মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, বিস্ফোরণের খবর শুনে তাৎক্ষণিকভাবে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এই ঘটনায় দুজন আহত হলেও বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে।