রাজবাড়ীতে সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের উদ্বোধন করলেন সেনাপ্রধান

রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের মালিয়াট গ্রামে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রাজবাড়ী’।
রোববার (২৩ আগস্ট) প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে ও নিজস্ব অর্থায়নে প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানটি রাজবাড়ী অঞ্চলে মানসম্মত শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। ২০২৫ সালের ১৭ ডিসেম্বর প্রতিষ্ঠানটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
প্রতিষ্ঠানটিতে আটতলা একাডেমিক ভবন, লাইব্রেরি কমপ্লেক্স ও শিক্ষকদের আবাসিক ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে। আধুনিক শিক্ষার পাশাপাশি শৃঙ্খলা, সততা, দেশপ্রেম, দায়িত্বশীলতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন শিক্ষার্থী গড়ে তোলার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটি পরিচালিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধানের সঙ্গে অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হোসাইন আল মোরশেদ, যশোর এরিয়ার জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. হাফিজুর রহমান, পরিচালক, কল্যাণ ও পুনর্বাসন পরিদপ্তরের ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রশিদুল ইসলাম এবং ৫৫ আর্টিলারি ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোসাদ্দেক আবু সায়েকসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন, জেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুস সালাম মিয়াসহ জেলার গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সেনাবাহিনীর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিষ্ঠানটি রাজবাড়ী অঞ্চলে শিক্ষার মানোন্নয়ন ও মানবিক মূল্যবোধ বিকাশের একটি উৎকৃষ্ট কেন্দ্র হিসেবে গড়ে উঠবে। একই সঙ্গে জাতীয় শিক্ষাব্যবস্থার উন্নয়ন ও মানবসম্পদ গঠনে প্রতিষ্ঠানটি দীর্ঘমেয়াদে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
একই দিনে সেনাবাহিনী প্রধান ফরিদপুরে মিলিটারি কলেজিয়েট স্কুল ফরিদপুর (এমসিএসএফ)-এরও আনুষ্ঠানিক উদ্বোধন করেন।


