কসবা রেলস্টেশনে হামলা-ভাঙচুর, যুবক আটক

ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলওয়ে স্টেশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় মো. সুমন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার (২১ জুন) সকালে এ ঘটনায় সাময়িকভাবে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে।
আটক মো. সুমন উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের মধুপুর গ্রামের রওশন মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাছের পোনা নিয়ে স্টেশনে আসা এক ব্যক্তির কাছ থেকে টাকা আদায় কেন্দ্র করে সুমনের সঙ্গে শফিকুর রহমান নামে এক ব্যক্তির কথাকাটাকাটি হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সুমন স্টেশন মাস্টারের ওপর হামলা চালান।
এ সময় স্টেশনের টেলিফোন সেট, সিগন্যালিং-সংক্রান্ত যন্ত্রপাতিসহ বিভিন্ন মূল্যবান সরঞ্জাম ভাঙচুর করা হয়। হামলা ও ভাঙচুরের ঘটনায় স্টেশন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য ট্রেন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।
খবর পেয়ে আখাউড়া রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত সুমনকে আটক করে।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কুদ্দুস বলেন, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।







