logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

৬০ টাকার ডাব শহরে ২০০, নেপথ্যে ‘কমিশন’ বাণিজ্যের অভিযোগ

৬০ টাকার ডাব শহরে ২০০, নেপথ্যে ‘কমিশন’ বাণিজ্যের অভিযোগ
শীতের মৌসুম শুরু হলেও পিরোজপুরে খুচরা বাজারে ডাবের দাম কমেনি। ছবি : এশিয়া পোস্ট

ডাব উৎপাদনে দেশের অন্যতম প্রধান জেলা পিরোজপুরে উৎপাদিত ডাবই এখন স্থানীয় সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। শীতের মৌসুম শুরু হলেও বাজারে ডাবের দাম কমেনি; বরং মধ্যস্বত্বভোগী, ভাসমান বিক্রেতা ও ঢাকার আড়তদারদের কমিশন বাণিজ্যের সিন্ডিকেটে অস্বাভাবিক দামে ডাব কিনতে হচ্ছে ক্রেতাদের। এর সবচেয়ে বড় নেতিবাচক প্রভাব পড়েছে ডেঙ্গু আক্রান্ত রোগী ও তাদের স্বজনদের ওপর।

হাতবদলের কারসাজিতে দাম বেড়ে তিন গুণ

Advertisement

স্থানীয় বাজার ঘুরে উঠে আসা তথ্যে দেখা গেছে, গ্রাম থেকে ৫০-৬০ টাকায় কেনা একটি ডাব শহরে বিক্রি হচ্ছে ১৫০ থেকে ২০০ টাকায়। উৎপাদক থেকে ভোক্তা পর্যন্ত পৌঁছাতে কয়েক দফা হাতবদল এবং অতিরিক্ত মুনাফার লোভে দাম কয়েক গুণ বেড়ে যাচ্ছে। ব্যবসায়ীদের একটি অংশের দাবি, ঢাকার আড়তদারদের দুপক্ষ থেকেই কমিশন আদায় এবং হিসাব গোপন করার কারসাজি পুরো বাজারব্যবস্থাকে অস্থিতিশীল করে তুলেছে।

গ্রামে ঘুরে গাছ থেকে ডাব সংগ্রহ করেন স্থানীয় গাছিরা। সাধারণ মানের ডাব ৪৫ থেকে ৫০ টাকা এবং ভালো মানের বড় ডাব ৬০ থেকে ৬৫ টাকায় কেনেন তারা। সামান্য লাভে পাইকারি ব্যবসায়ীদের কাছে ডাব বিক্রি করলেও পরবর্তী ধাপগুলোতে দাম বেড়ে যাচ্ছে বহুগুণ। এই পুরো প্রক্রিয়াকে ঘিরে জেলায় হাজারো মানুষের কর্মসংস্থানও তৈরি হয়েছে।

সিন্ডিকেটে ধরাশায়ী ডেঙ্গু রোগী ও স্বজনেরা

এদিকে জেলায় ডেঙ্গু সংক্রমণ বাড়ায় চিকিৎসকদের পরামর্শে রোগীদের জন্য ডাবের চাহিদা বেড়েছে। কিন্তু চড়া দামের কারণে অনেক রোগী ও স্বজন ডাব কিনতে পারছেন না। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, পিরোজপুরে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন চার হাজার ৮০০ জনের বেশি।

পিরোজপুর শহরের রাজারহাট এলাকার বাসিন্দা মৃদুল বলেন, ‘অসাধু ব্যবসায়ীরা সাধারণ মানুষের সঙ্গে অন্যায় করছেন। কম দামে ডাব কিনে দ্বিগুণেরও বেশি দামে বিক্রি করছেন। এটা কোনোভাবেই ঠিক নয়। এ ধরনের অনিয়ম বন্ধ করতে হবে।’

গ্রামে গ্রামে ঘুরে ডাব সংগ্রহ করেন পাইকারি ক্রেতারা। ছবি : এশিয়া পোস্ট
গ্রামে গ্রামে ঘুরে ডাব সংগ্রহ করেন পাইকারি ক্রেতারা। ছবি : এশিয়া পোস্ট

জেলা হাসপাতালে চিকিৎসা নিতে আসা কদমতলা এলাকার বাসিন্দা মো. আলী হোসেন বলেন, ‘গ্রামে ৫০-৬০ টাকার ডাব শহরে এনে ১৫০ থেকে ১৮০ টাকায় বিক্রি করা হচ্ছে। আমার পরিবারের এক সদস্য ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। চিকিৎসক প্রতিদিন তাকে এক থেকে দুটি ডাব খাওয়ানোর পরামর্শ দিয়েছেন। কিন্তু এত বেশি দামে ডাব কেনা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। সরকারের উচিত ডাবের দাম নির্ধারণ করে দেওয়া।’

হাসপাতালে আসা মো. রাসেল বলেন, ‘ব্যবসায়ীরা ৪০-৫০ টাকায় ডাব কিনে আমাদের কাছে ১২০ থেকে ২০০ টাকা পর্যন্ত বিক্রি করছেন। পিরোজপুরের প্রায় প্রতিটি এলাকাতেই এমন পরিস্থিতি চলছে। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার।’

চাষি ও খুচরা বিক্রেতাদের পাল্টাপাল্টি অভিযোগ

সদর উপজেলার টোনা ইউনিয়নের মূল গ্রামের ডাবচাষি উত্তম বলেন, ‘আমার ১০-১২টি ডাবের গাছ আছে। ছোট ডাব ৬০ টাকা এবং বড় ডাব ৭০ টাকা করে বিক্রি করি। পরে এসব ডাব শহরে নিয়ে দ্বিগুণেরও বেশি দামে বিক্রি করা হয়। এটা সাধারণ মানুষের ওপর এক ধরনের জুলুম।’

জেলা হাসপাতালের সামনের সড়কে ভ্যানে ডাব বিক্রি করেন সৈকত। তিনি বলেন, ‘আমি কলাখালীর ব্যবসায়ী মাসুদের কাছ থেকে প্রতিটি ডাব ১৩০ টাকা করে পাইকারি কিনে আনি। বড় ডাব ২০০ টাকা এবং তুলনামূলক ছোট ডাব ১৩০ টাকায় বিক্রি করি।’

মো. শামীম নামে আরেক বিক্রেতা বলেন, ‘আমরা গ্রাম থেকে ডাব কিনে ঢাকার আড়তদারদের কাছে পাঠাই। সিন্ডিকেটটা মূলত তারাই করে। পাশাপাশি আমরা খুচরাও বিক্রি করি।’ কেনার দামের তুলনায় দ্বিগুণের বেশি দামে ডাব বিক্রির বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান এবং একপর্যায়ে ডাববোঝাই ভ্যান নিয়ে স্থান ত্যাগ করেন।

আড়তদারদের কমিশন বাণিজ্য ও হিসাব গোপনের অভিযোগ

পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা এলাকার ব্যবসায়ী মো. নাসির আকন বলেন, ‘আমরা গাছিদের কাছ থেকে ডাব কিনে ঢাকার যাত্রাবাড়ীর আড়তদারদের কাছে পাঠাই। সেখানে গড়ে ৯০-১০০ টাকায় ডাব বিক্রি করি। জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় পরিবহন খরচ আগের তুলনায় বেড়েছে। তাই আমাদের লাভ সীমিত।’

তিনি আরও বলেন, ‘এই সিন্ডিকেটে ভাসমান বিক্রেতাদের ভূমিকা বেশি। ঢাকার আড়তদাররা দুই পক্ষ থেকেই কমিশন নেন। আমাদের কাছ থেকে ১০ শতাংশ এবং বিক্রেতাদের কাছ থেকেও কমিশন নেন। ১০০টি ডাবে আড়তদারদের দুই থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত লাভ থাকে, অথচ আমাদের লাভ থাকে মাত্র ৮০০ থেকে এক হাজার টাকা।’

আড়তদারদের বিরুদ্ধে হিসাব গোপন করার অভিযোগ তুলে নাসির আকন বলেন, ‘আমরা ডাব পাঠিয়ে দিই আড়তে। সেখানে বিক্রির পর আড়তদাররা ১৩ হাজার টাকা পেলেও খাতায় ১১ হাজার টাকা লিখে রাখেন। এভাবে আমাদের সঙ্গে কারসাজি করা হয়।’

পাইকারি ক্রেতাদের সংগ্রহ করা ডাব ট্রাকে করে পাঠানো হচ্ছে শহরের আড়তে। ছবি : এশিয়া পোস্ট
পাইকারি ক্রেতাদের সংগ্রহ করা ডাব ট্রাকে করে পাঠানো হচ্ছে শহরের আড়তে। ছবি : এশিয়া পোস্ট

জিয়ানগর উপজেলার ডাব ব্যবসায়ী মো. আলী হোসেন মির বলেন, ‘গাছিদের কাছ থেকে পাইকারি ক্রেতারা যে ডাব সংগ্রহ করেন, সেগুলো আমরা কিনে ঢাকায় পাঠাই। এ উপজেলায় ৮-১০ জন ডাব ব্যবসায়ী রয়েছেন। আমি প্রতিদিন ৭০০ থেকে এক হাজার ডাব ঢাকায় পাঠাই। ছোট আকারের ১০০টি ডাব ৮০০ টাকা, মাঝারি ৯০০ টাকা এবং বড় আকারের ডাব এক হাজার টাকায় কিনি। পরে সেগুলো ঢাকার যাত্রাবাড়ীর আড়তদারদের কাছে বিক্রি করি। পরিবহন ও শ্রমিকের খরচ বাদ দিয়ে ১০০টি ডাবে প্রায় এক হাজার টাকা থাকে।’

তিনি আরও যোগ করেন, ‘যারা হকারি করেন, তারা বড় ডাব ৯০ থেকে ১০০ টাকায় কিনে ১৭০ থেকে ২০০ টাকায় বিক্রি করেন। এতে সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে।’

ডেঙ্গু রোগীদের জন্য ডাবের পানির প্রয়োজনীয়তা নিয়ে পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমান বলেন, ‘ডেঙ্গু রোগীদের সাধারণত বেশি করে তরল খাবার ও ডাবের পানি খেতে বলা হয়। তবে ডাবের দাম বেশি হওয়ায় অনেক সাধারণ রোগী তা কিনে খেতে পারেন না। সে ক্ষেত্রে ডাবের পরিবর্তে খাবার স্যালাইনও খেতে পারেন।’



জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সৌমিত্র সরকার এশিয়া পোস্টকে বলেন, ‘এ বছর পিরোজপুর জেলায় ২ হাজার ৫১৩ হেক্টর জমিতে ডাব বা নারিকেলের আবাদ হয়েছে। গত বছর আবাদ হয়েছিল ২ হাজার ৫০২ হেক্টর জমিতে। বর্তমানে উৎপাদন হয়েছে ১৭ হাজার ৮৭৪ মেট্রিক টন। গড় ফলন প্রতি হেক্টরে ৭ দশমিক ১১ টন। এ চাষের সঙ্গে প্রায় ৩ হাজার ৫০০ চাষি জড়িত। জেলার প্রতিটি উপজেলাতেই কমবেশি ডাব উৎপাদন হয়; তবে মঠবাড়িয়া উপজেলায় উৎপাদন বেশি। জেলায় প্রতি বছর প্রায় ৪০ কোটি টাকার ডাব বিক্রি হয়। উৎপাদিত ডাবের সংখ্যা প্রায় ৭৭ লাখ।’

তিনি আরও জানান, কৃষকদের উৎসাহিত করতে প্রণোদনা কর্মসূচির আওতায় ২৫ হাজার নারিকেলের চারা জেলার সাতটি উপজেলায় বিতরণ করা হয়েছে এবং কৃষি বিভাগের কর্মকর্তারা নিয়মিত পরিচর্যার পরামর্শ দিচ্ছেন।

পিরোজপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবাশিস রায় বলেন, ‘ইতিমধ্যে পিরোজপুরের বিভিন্ন এলাকায় এ বিষয়ে অভিযান চালানো হয়েছে। নেছারাবাদ উপজেলার ডাব বিক্রেতারা টাকার রশিদ রাখা শুরু করেছেন। জেলার অন্যান্য বাজারের বিক্রেতাদেরও সতর্ক করা হয়েছে। কেউ রশিদ না রাখলে এবং ডাবের অতিরিক্ত দাম আদায় করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট