হেরোইনসহ ডিবির হাতে আটক যুবদল নেতা

মানিকগঞ্জের ঘিওরে অভিযান চালিয়ে আসিফ ইসলাম খান (৩৮) নামে এক যুবদল নেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছ থেকে পাঁচ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলার নালী ইউনিয়নের উভাজানী এলাকায় নিজের দোকান থেকে তাকে হেরোইনসহ আটক করা হয়।
আটক আসিফ ইসলাম খান উভাজানী গ্রামের পাশা খানের ছেলে। তিনি নালী ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আসিফ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে তার দোকানে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় পাঁচ গ্রাম হেরোইনসহ তাকে আটক করা হয়।
জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মানবেন্দ্র বালো আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসিফ ইসলাম খানকে হেরোইনসহ আটক করা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদক আইনে মামলা করার প্রক্রিয়া চলছে।