বৃষ্টির মধ্যে সড়কে ঢালাই

নরসিংদীর পলাশে বৃষ্টির পানিতে কংক্রিট, বালু ও সিমেন্ট মিশিয়ে সড়ক নির্মাণের অভিযোগ উঠেছে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। স্থানীয়দের প্রতিবাদের মুখে পড়ে ওই ঢালাই ভেঙে পুনরায় সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পাঁচদোনা–ডাঙ্গা বাজার চার লেন সড়কের ডাঙ্গা বাজার থেকে ইউনিয়ন পরিষদের পাশ পর্যন্ত ১২০ মিটার অংশে আরসিসি ঢালাইয়ের কাজ করছিল ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স (এনডিই) লিমিটেড নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। কাজ শুরুর সময় থেকেই অনিয়মের অভিযোগ উঠছিল। মঙ্গলবার সকালে টানা বৃষ্টির মধ্যে সড়কে পানি জমে থাকলেও সেই পানির মধ্যেই কংক্রিট, বালু ও সিমেন্ট মিশিয়ে ঢালাইয়ের কাজ করা হয় বলে অভিযোগ করেন স্থানীয়রা। বিষয়টি দেখে তারা ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে সমালোচনার ঝড় ওঠে।
পরে নরসিংদী সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে কাজ পরিদর্শন করেন এবং অনিয়মের সত্যতা পেয়ে তাৎক্ষণিকভাবে ঢালাই ভেঙে নতুন করে কাজ করার নির্দেশ দেন।
নরসিংদী সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী প্রজেনজিৎ পাল বলেন, সড়ক নির্মাণে কিছু গাফিলতি পাওয়া গেছে। ঠিকাদারি প্রতিষ্ঠানকে বিষয়টি জানানো হয়েছে এবং তারা পুনরায় কাজ করবে।
এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের সাইট ইঞ্জিনিয়ার নাছির উদ্দিন বলেন, কাজ চলাকালীন হঠাৎ বৃষ্টি শুরু হয়। এতে কিছু অংশে পানি জমে যাওয়ায় ঢালাই হয়ে যায়। পরে কাজ বন্ধ করে দেওয়া হয়।