logo
Advertisement

ফেনী/এমপিদের বক্তব্যের সমালোচনা, ৪ নার্সকে শোকজ

এমপিদের বক্তব্যের সমালোচনা, ৪ নার্সকে শোকজ
ফেনী সদর হাসপাতাল। ছবি : এশিয়া পোস্ট

ফেনী সদর হাসপাতালে সংসদ সদস্যদের বক্তব্যের সমালোচনা ও উত্তেজিত ভঙ্গিতে কথা বলার অভিযোগে চারজন সিনিয়র স্টাফ নার্সকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

শোকজ নোটিশে তিন কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। তবে হাসপাতাল সূত্রে আগামীকাল বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জবাব দেওয়ার কথা জানানো হয়েছে।

শোকজ পাওয়া চার নার্স হলেন-জাহানারা আক্তার কাজল, লক্ষ্মী রানী দে, মিতালী রানী ও কণিকা রানী ভৌমিক।

ফেনী জেনারেল হাসপাতাল সূত্র জানায়, গত সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে ফেনী সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টুর সভাপতিত্বে ব্যবস্থাপনা কমিটির সঙ্গে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় হাসপাতালের বিভিন্ন প্রশাসনিক অনিয়ম দূর করা এবং অতিরিক্ত রোগীর চাপ সামলাতে করণীয় নিয়ে আলোচনা হয়। সভায় পরিবেশমন্ত্রী ছাড়াও ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন, ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু, জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ এবং স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মতবিনিময় সভা শেষ হওয়ার পর কয়েকজন সিনিয়র স্টাফ নার্স সম্মেলনকক্ষে প্রবেশ করে সংসদ সদস্যদের দেওয়া বক্তব্যের সমালোচনা ও অসন্তোষ প্রকাশ করতে থাকেন। এ সময় তারা নিজেদের বিভিন্ন পেশাগত সমস্যা ও তীব্র জনবল সংকটের বিষয় তুলে ধরে উত্তেজিত ভঙ্গিতে কথা বলেন। এ সময় উপস্থিত কয়েকজন স্থানীয় সাংবাদিক উত্তেজিত নার্সদের বক্তব্যের ভিডিও ধারণ করেন। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে হাসপাতাল কর্তৃপক্ষ অভিযুক্ত নার্সদের কারণ দর্শানোর নোটিশ দেয়।

এ বিষয়ে ফেনী জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোবারক হোসেন দুলাল এশিয়া পোস্টকে বলেন, সম্মেলনকক্ষে প্রবেশ করে সংসদ সদস্যদের বক্তব্যের সমালোচনা ও উত্তেজিত স্বরে কথা বলার যে ঘটনাটি ঘটেছে, তা অত্যন্ত দৃষ্টিকটু ও শিষ্টাচারবহির্ভূত। কোনো দাবি বা বক্তব্য থাকলে তারা প্রশাসনিক নিয়ম মেনে কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে জানাতে পারতেন।

তিনি আরও বলেন, এমন অনাকাঙ্ক্ষিত ও অশোভন আচরণের কারণে চার নার্সকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাদের তিন কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। জবাব সন্তোষজনক না হলে তাদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।