logo

ক্ষমা চাইলেন চামড়া নদীতে ফেলে দেওয়া ব্যবসায়ী

ক্ষমা চাইলেন চামড়া নদীতে ফেলে দেওয়া ব্যবসায়ী
চামড়া নদীতে ফেলে দেওয়া ব্যবসায়ী। ছবি: এশিয়া পোস্ট

ফেনীর দাগনভূঞা উপজেলায় মানুষের কাছ থেকে কেনা কোরবানির পশুর চামড়া নদীতে ফেলে দেওয়ার ঘটনায় ক্ষমা চেয়েছেন ব্যবসায়ী।

ঘটনাটি নিয়ে এর আগে শুক্রবার (২৯ মে) বিকেলে ‘কেনা চামড়া নদীতে ফেলে দিলেন দুই ব্যবসায়ী’ শিরোনামে সংবাদ প্রকাশ করে এশিয়া পোস্ট।

সংবাদটি নজরে আসার পর এদিন সন্ধ্যার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন দাগনভূঞার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীদুল আলম।

প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখার পর সংশ্লিষ্ট মৌসুমী চামড়া ব্যবসায়ী দিদারুল আলম দুঃখ প্রকাশ করেন ও ক্ষমা চান।

এই ব্যবসায়ী জানান, ঈদের দিন বৃহস্পতিবার বিভিন্ন এলাকা থেকে তিনি ও আরেক ব্যবসায়ী শতাধিক চামড়া কেনেন। শুক্রবার দুপুর পর্যন্ত কোনো বেপারী চামড়া কিনতে আসেননি। চামড়া থেকে দুর্গন্ধ ছড়ানোয় তা নদীতে ফেলে দেওয়া হয়।

চামড়া নদীতে ফেলায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে নদী ও পরিবেশ দূষণের আশঙ্কা তৈরি হয়। ঘটনাটি দ্রুত বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিদুল ইসলাম জানান, চামড়া নদীতে ফেলে দেওয়ার ঘটনা প্রশাসনের নজরে আসার পর তা খতিয়ে দেখা শুরু হয়। বিক্রি করতে না পারলে উপজেলা প্রশাসন বা স্থানীয় ইউনিয়ন পরিষদকে অবহিত করা যেত। কিন্তু তা না করে নদীতে ফেলে দেওয়া উচিত হয়নি।

পরে ইউএনওর নির্দেশশে শুক্রবার সন্ধ্যায় স্থানীয় হৈদের পুকুর বাজারে সরেজমিন তদন্তে যান সহকারী কমিশনার (ভূমি) শাহীদুল আলম। এ সময় মৌসুমী চামড়া ব্যবসায়ী দিদারুল আলম সেখানে উপস্থিত হন এবং নিজের ভুল স্বীকার করেন।

এ বিষয়ে জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) শাহীদুল আলম বলেন, আমি সরেজমিন তদন্তে যাই। ওই মৌসুমী ব্যবসায়ী ভুল বুঝতে পেরে দুঃখ প্রকাশ ও ক্ষমা চান। ভবিষ্যতে এমন ভুল হবে না জানিয়ে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন।