মাদকের টাকার জন্য ছেলের হাতে ভ্যানচালক বাবা খুন

টাঙ্গাইলের নাগরপুরে মাদকের টাকার জন্য নিজের বাবাকে মসলা বাটার শিল দিয়ে মাথায় আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে।
রোববার (৩০ আগস্ট) সকালে উপজেলার বেকড়া ইউনিয়নের কোনাবাড়ী গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত রহিম ভূঁইয়া (৫৫) পেশায় একজন ভ্যানচালক ছিলেন। এ ঘটনায় অভিযুক্ত ছেলে মোস্তফাকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে কাজ থেকে ফিরে বাড়িতে সকালে খাবার খেতে বসেছিলেন ভ্যানচালক রহিম ভূঁইয়া। এ সময় তার মাদকাসক্ত ছেলে মোস্তফা এসে বাবার কাছে মাদকের জন্য টাকা দাবি করে। টাকা দিতে দেরি করায় ক্ষিপ্ত হয়ে ওঠে মোস্তফা। একপর্যায়ে ঘরে থাকা মসলা বাটার ভারী শিল দিয়ে বাবার মাথায় একাধিক আঘাত করে সে। এতে রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে মারা যান রহিম ভূঁইয়া।
নাগরপুর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) জহুরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ঘটনার পর পরই অভিযুক্ত ছেলেকে আটক করা হয়েছে। এ বিষয়ে হত্যা মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।



