logo

‘ভুয়া ভুয়া’ স্লোগান দিয়ে থানা ঘেরাওয়ের চেষ্টা, টিয়ারশেল ছুড়ল পুলিশ

‘ভুয়া ভুয়া’ স্লোগান দিয়ে থানা ঘেরাওয়ের চেষ্টা, টিয়ারশেল ছুড়ল পুলিশ
কাশিমপুর থানার সামনে বিক্ষুব্ধ শ্রমিকরা জড়ো হলে টিয়ারশেল ছুড়ে ছত্রভঙ্গ করে পুলিশ। ছবি : এশিয়া পোস্ট

গাজীপুরের কাশিমপুর থানার সামনে জড়ো হয়ে ঘেরাওয়ের চেষ্টা করেছেন বিক্ষুব্ধ শ্রমিক ও আন্দোলনকারীরা। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। পরে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কাশিমপুর এলাকায় ডিবিএল কারখানার শ্রমিকরা আন্দোলন করছিলেন। এ সময় কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মোহাম্মদ খালিদ হোসেনসহ পুলিশের সদস্যরা তাদের বোঝাতে ঘটনাস্থলে যান। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন এবং তাদের ধাওয়া করেন।

পরে পুলিশ সদস্যরা দৌড়ে থানায় ফিরে এলে শ্রমিকরাও থানার আশপাশে জড়ো হন। এ সময় তারা ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

বর্তমানে থানা ও আশপাশের এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মোহাম্মদ খালিদ হোসেন বলেন, অনেক কিছুই ঘটেছে। এই মুহূর্তে কিছু বলতে পারছি না। তবে বর্তমানে শ্রমিকরা চলে গেছেন। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।