Advertisement

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ গেল স্কুলশিক্ষকের

এশিয়া পোস্ট নিউজ, মুন্সীগঞ্জ
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ গেল স্কুলশিক্ষকের
রফিকুল ইসলাম রুবেল। ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জ সদরের বিনোদপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে রফিকুল ইসলাম রুবেল (৩৪) নামের এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে।

Advertisement

সোমবার (১৭ আগস্ট) মধ্যরাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত রফিকুল ইসলাম রুবেল বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক ছিলেন। তিনি মাদারীপুর জেলার সেলিম মোল্লার ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন।

স্বজনরা জানান, ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর গুরুতর অসুস্থ অবস্থায় রুবেলকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সোমবার মধ্যরাতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দিন আহমেদ বলেন, আমাদের শিক্ষক রুবেল ভোররাতে ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি বিগত ৬ বছর ধরে আমাদের বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক ছিলেন।

মঙ্গলবার বাদ জোহর জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।