logo
Advertisement

মেঘনায় ধরা পড়ল ২৫ কেজির কোরাল, বিক্রি ৩৫ হাজার টাকায়

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,ভোলা
মেঘনায় ধরা পড়ল ২৫ কেজির কোরাল, বিক্রি ৩৫ হাজার টাকায়
জেলের জালে ধরা পড়া কোরাল মাছ। ছবি : এশিয়া পোস্ট

ভোলার মনপুরায় মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের একটি বিশাল আকৃতির কোরাল মাছ। ১ হাজার ৪০০ টাকা কেজি দরে মাছটি মোট ৩৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। সুবিশাল মাছটি দেখতে ঘাটে স্থানীয় লোকজন ও মাছ ব্যবসায়ীরা ভিড় জমান।

Advertisement

শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মনপুরা ইউনিয়নের রামনেওয়াজ মৎস্যঘাটের বাচ্চু চৌধুরীর আড়তে মাছটি নিয়ে আসেন জেলে খালেক মাঝি।

তিনি জানান, শনিবার মেঘনা নদীতে ইলিশের জালে অন্যান্য ছোট আকারের ইলিশের সঙ্গে এই বিশাল কোরালটি ধরা পড়ে। পরে মৎস্যঘাটে এনে এটি নিলামে তোলা হলে কয়েকজন ব্যবসায়ী অংশ নেন। প্রতি কেজি ১ হাজার ৪০০ টাকা দরে ৩৫ হাজার টাকায় মাছটি কিনে নেন মৎস্য ব্যবসায়ী এরশাদ হোসেন।

ক্রেতা এরশাদ হোসেন জানান, স্থানীয় কয়েকজন ব্যবসায়ী মিলে ভাগ করে খাওয়ার জন্য তারা মাছটি কিনেছেন।

অন্য ব্যবসায়ী মাইনউদ্দিন ও এরশাদ হোসেন বলেন, ঢাকায় বড় আকৃতির মাছের প্রচুর চাহিদা রয়েছে। ঢাকার বাজারে নিতে পারলে মাছটি আরও বেশি দামে বিক্রি করা যেত।

উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু জানান, বর্তমানে মেঘনায় ইলিশের আকাল চলছে। এই মুহূর্তে বড় কোড়াল বা পাঙাস ধরা পড়া জেলেদের জন্য কিছুটা স্বস্তির। সামনের দিনগুলোতে ইলিশের পাশাপাশি মেঘনায় আরও বড় আকারের মাছ ধরা পড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।