সুনামগঞ্জে থানার সামনে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ২০

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি পালনকে কেন্দ্র করে সুনামগঞ্জের জামালগঞ্জে বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৪ জন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে জামালগঞ্জ উপজেলা সদরে থানার সামনের সড়কে এ ঘটনা ঘটে। দীর্ঘদিনের দলীয় বিরোধের জেরে বিএনপির দুপক্ষ পৃথক মিছিল বের করে। মিছিল দুটি থানার সামনে মুখোমুখি হলে প্রথমে হাতাহাতি শুরু হয়। পরে সংঘর্ষে রূপ নেয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহত ব্যক্তিরা হলেন উপজেলার উত্তর কামলাবাজ গ্রামের জুবায়ের আহমদ (২৯), দক্ষিণ কামলাবাজ গ্রামের জাহাঙ্গীর মিয়া (৩০), লক্ষ্মীপুর গ্রামের কয়েল মিয়া (৩৮), উজান লালপুর গ্রামের শোয়াব আলী (৬১), ছেলাইয়া গ্রামের জাহাঙ্গীর আলম (৩০), সেলিমগঞ্জ গ্রামের সানোয়ার হোসেন (৪৫), গজারিয়া গ্রামের সাজেদা আক্তার (২৪), কামলাবাজ গ্রামের ফারুক আহমদ (৩৫), দক্ষিণ কামলাবাজ গ্রামের দ্বীন ইসলাম স্বপন (২৯), লক্ষ্মীপুর গ্রামের আশরাফ উদ্দিন (৪৯), সাচনাবাজার গ্রামের আব্দুল মোশাব্বির (৩০), লক্ষ্মীপুর গ্রামের মো. সামাউল (৪০) ও কামাল হোসেন (৭৫) এবং ইনছানপুর গ্রামের মিজানুর রহমান (৪২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির নেতাকর্মীদের মধ্যে বিরোধ ও বিভক্তি চলে আসছে। একটি পক্ষের নেতৃত্বে রয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুর রহমান ও সদস্য মোহাম্মদ শাহজাহান। অপর পক্ষের নেতৃত্বে রয়েছেন উপজেলা বিএনপির দুই যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক ও আজিজুর রহমান।
দলীয় বিরোধের জেরে শনিবার দুপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দুই পক্ষ উপজেলা সদরে পৃথক মিছিল বের করে। মিছিল দুটি থানার সামনে পৌঁছালে উভয় পক্ষের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় মারামারি ও ইটপাটকেল নিক্ষেপে অন্তত ২০ জন আহত হন। পরে জামালগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষের পরও উপজেলা সদরে দুপক্ষের নেতাকর্মীরা অবস্থান করায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। উভয় পক্ষই সংঘর্ষের জন্য একে অপরকে দায়ী করছে।
জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফয়জুর রহমান বলেন, শনিবার দুপুরে বিএনপির ১৪ জন নেতাকর্মী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তাদের শরীরের বিভিন্ন স্থানে ইটপাটকেলের আঘাত রয়েছে।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী বলেন, শনিবার দুপুরে বিএনপির দুই পক্ষ পৃথক মিছিল বের করে। মিছিল দুটি থানার সামনের সড়ক অতিক্রম করার সময় নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

