logo
রমেকের কিডনি ওয়ার্ড

রোগীদের ছাড়পত্র দিয়ে চিকিৎসক ও কর্মীরা ঈদের ছুটিতে

রোগীদের ছাড়পত্র দিয়ে চিকিৎসক ও কর্মীরা ঈদের ছুটিতে
ছবি : এশিয়া পোস্ট

ঈদুল আজহা উপলক্ষে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের (রমেক) নেফ্রোলজি (কিডনি) ওয়ার্ড চার দিন ধরে বন্ধ রয়েছে বলে অভিযোগ উঠেছে। ওয়ার্ডে ভর্তি রোগীদের ছুটি দিয়ে চিকিৎসক ও কর্মীরা ঈদের ছুটিতে যাওয়ায় কিডনি রোগীরা চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলে জানিয়েছেন রোগী ও তাদের স্বজনেরা।

শনিবার (৩০ মে) সকাল ১০টার দিকে হাসপাতালের দ্বিতীয় তলায় অবস্থিত ৪০ নম্বর নেফ্রোলজি ওয়ার্ডে গিয়ে দেখা যায়, ওয়ার্ডের প্রধান ফটক ভেতর থেকে বন্ধ। কিছুক্ষণ পর এক নার্স কাচের দরজার ওপার থেকে জানান, বর্তমানে ওয়ার্ডে কোনো রোগী নেই। ঈদ উপলক্ষে রোগীদের ছুটি দেওয়া হয়েছে।

ওয়ার্ডের জানালা দিয়ে দেখা যায়, সব শয্যা ফাঁকা পড়ে আছে। ঈদের আগের দিন বুধবার থেকে ওয়ার্ডটি বন্ধ রয়েছে বলে অভিযোগ করেন কয়েকজন রোগী ও স্বজন।

নেফ্রোলজি ওয়ার্ডের এক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, গত সোমবার পর্যন্ত ওয়ার্ডে ১৮ জন রোগী ভর্তি ছিলেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর ছিল। তবে ঈদের ছুটিকে কেন্দ্র করে রোগীদের ছাড়পত্র দিয়ে ওয়ার্ড খালি করা হয়েছে। আগামী সোমবারের আগে নতুন রোগী ভর্তি না করার মৌখিক নির্দেশনাও রয়েছে বলে তিনি দাবি করেন।

তবে পাশের ডায়ালাইসিস ইউনিটে চিকিৎসাসেবা চালু রয়েছে। সেখানে গিয়ে দেখা যায়, ঈদের দিন থেকে প্রতিদিন তিন শিফটে রোগীদের ডায়ালাইসিস দেওয়া হচ্ছে। দায়িত্বরত এক সহকারী নার্স জানান, ঈদের দিনও ৬২ জন রোগীর ডায়ালাইসিস করা হয়েছে এবং সেবা কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

ডায়ালাইসিস ইউনিটের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ডায়ালাইসিস নিতে আসা কোনো রোগীর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ভর্তি করার সুযোগ নেই। কারণ, নেফ্রোলজি ওয়ার্ড বন্ধ রয়েছে।

ওয়ার্ডের সামনে অপেক্ষমাণ গাইবান্ধার বাসিন্দা রুহুল আমিন বলেন, তিনি কিডনি ওয়ার্ডের রোগী। হাসপাতালে এসে ওয়ার্ড বন্ধ দেখতে পেয়ে বাধ্য হয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

এ বিষয়ে জানতে নেফ্রোলজি বিভাগের প্রধানসহ সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ও উপপরিচালক ডা. আব্দুল মোকাদ্দেম বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখছি।