ইটভাটার জন্য খোঁড়া ১৫ ফুট গর্তে পড়ে ২ শিশুর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে ইটভাটার মাটির জন্য খোঁড়া ১৫ ফুট গর্তে পড়ে দুই শিশুর মৃত্যু মর্মান্তিক হয়েছে।
রোববার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার ভূজপুর থানাধীন হারুয়ালছড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ড এলাকার পূর্ব ফটিকছড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো ওই এলাকার হাবিবুর রহমানের মেয়ে সাকি আক্তার (৯) ও একই বাড়ির জাকির হোসেনের কন্যা সানজিদা আক্তার (১০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন ফটিকছড়ি গ্রামে করিম বাপের বাড়ির পাশে অবস্থিত একটি ইটভাটার মাটির জন্য খোঁড়া প্রায় ১৫ ফুট গভীর গর্ত। এতে বৃষ্টির পানি জমে ছিল। প্রতিদিনের মতো ওই দুই শিশু খেলতে গিয়ে অসাবধানতাবশত পানি ভর্তি গর্তে পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করলেও তাদেরকে বাঁচানো সম্ভব হয়নি।
হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী বলেন, একজন পানিতে পড়ে গেলে আরেকজন তাকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়।
এ বিষয়ে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে এশিয়া পোস্টকে বলেন, মৃত্যুর খবর শুনেছি। এই বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান আছে।