logo

ছাত্ররাজনীতি দিয়ে শুরু, এবার যাচ্ছেন সংসদে–দোয়া চাইলেন সুরাইয়া জেরিন

ছাত্ররাজনীতি দিয়ে শুরু, এবার যাচ্ছেন সংসদে–দোয়া চাইলেন সুরাইয়া জেরিন

কলেজ জীবন থেকে শুরু রাজনীতি। পার করেছেন বিভিন্ন পর্যায়। হয়েছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান। এবার এলাকার প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন জাতীয় সংসদে। তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নেত্রী সুরাইয়া জেরিন রনি। বর্তমানে দায়িত্বপালন করছেন বগুড়া জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদকের।

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে তাকে মনোনীত করেছে সরকারি দল বিএনপি। সোমবার (২০ এপ্রিল) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মনোনয়ন পাওয়া ৩৬ জনের নাম ঘোষণা করেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে গত দুই দিনে প্রায় ৯০০ জন মনোনয়নপ্রত্যাশীর সাক্ষাৎকার নেয় দলের পার্লামেন্টারি মনোনয়ন বোর্ড। দীর্ঘ যাচাই-বাছাই শেষে ৩৬ জনের তালিকা প্রকাশ করা হয়েছে।

মনোনীত হওয়ার খবরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় উচ্ছাস প্রকাশ করেছেন সুরাইয়া জেরিন। তিনি এশিয়া পোস্টকে বলেন, আমি সবার কাছে দোয়া চাই। দলের সিনিয়র নেতৃবৃন্দ আমাকে মূল্যায়ন করেছেন। আমি যেন আমার এলাকার মানুষের পাশে থাকতে পারি।

বগুড়ার গাবতলী কলেজে ভর্তি হওয়ার পর ছাত্রদলের রাজনীতি শুরু করেন সুরাইয়া জেরিন রনি। ২০০৩ সালে ছাত্রসংগঠনে যোগ দেওয়ার পর কয়েক বছর পার করেন। এক/এগারোর পটপরিবর্তনের পর মহিলা দলে যোগ দেন তিনি।

সুরাইয়া জেরিন গাবতলী উপজেলা পরিষদ থেকে মহিলা ভাইস চেয়ারম্যানও নির্বাচিত হয়েছিলেন। বর্তমানে জেলা মহিলা দলের যুগ্ম সম্পাদক এবং গাবতলী শাখার সভাপতি। এবার সংরক্ষিত নারী আসন থেকে মনোনয়ন পাওয়ার জন্য দৌড়ঝাঁপ শুরু হওয়ার পর আলোচনায় আসেন তিনি।

তখন সুরাইয়া জেরিন বলেছিলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে হামলা-মামলার শিকার হয়েছি। ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনে মাঠে সক্রিয় ছিলাম। দল সবকিছু বিবেচনা করবে আশা করি।