প্রতি উপজেলায় বয়স্কদের পুনর্বাসনে কমপ্লেক্স নির্মাণ করবে সরকার

দেশের প্রতিটি উপজেলায় বয়স্কদের পুনর্বাসনের জন্য কমপ্লেক্স নির্মাণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা ড. জিয়া হায়দার।
রোববার (৩০ আগস্ট) দুপুরে গাজীপুরের হোতাপাড়া এলাকায় বেসরকারিভাবে প্রতিষ্ঠিত একটি বয়স্ক ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ড. জিয়া হায়দার বলেন, বয়স্কদের শুধু থাকার ব্যবস্থা করাই সরকারের মূল লক্ষ্য নয়। তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি বয়স্কদের দক্ষতা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আয়ের সুযোগ তৈরির বিষয়েও সরকার চিন্তা করছে।
তিনি বলেন, দেশের প্রতিটি উপজেলায় বয়স্কদের জন্য এমন পুনর্বাসন ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে, যেখানে বয়স্করা নিরাপদে বসবাসের পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
বয়স্কদের জন্য স্থায়ী ও মানবিক পুনর্বাসন ব্যবস্থা গড়ে উঠলে পরিবার থেকে বিচ্ছিন্ন কিংবা অসহায় প্রবীণদের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় গাজীপুরের জেলা প্রশাসক নুরুল করীম ভূঁইয়া বলেন, আমরা বয়স্ক মানুষ মানেই ইতিহাসের বই। আমরা যদি এই বয়স্ক মানুষদের পড়তে পারি, তাহলে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারব। প্রধানমন্ত্রী আমাদের ডেকেছিলেন, তিনি সিনিয়র সিটিজেনদের কাজে লাগাতে বলেছেন। আমরা আজ সুখবর দিতে চাই; বয়স্ক পুনর্বাসন কেন্দ্রের রাস্তা করে দেব। এগুলো করে দেব এই বয়স্ক মানুষদের সম্মানে।


