লিচুর লোভ দেখিয়ে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা

গাইবান্ধা সদরের বিষ্ণুপুর এলাকায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে লিচুর লোভ দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গণপিটুনির পর অভিযুক্ত যুবককে হাসপাতাল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৩ মে) দুপুরে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন এশিয়া পোস্টকে তথ্যটি নিশ্চিত করেছেন।
এর আগে, শুক্রবার (২২ মে) রাত সাড়ে ১০টার গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইমরান সরকার নামে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২১ মে) দুপুরে সদর উপজেলার একটি গ্রামে লিচুর বাগানের পাশ দিয়ে যাচ্ছিল ভুক্তভোগী শিশু। এ সময় অভিযুক্ত ইমরান শিশুটিকে লিচু দেওয়ার কথা বলে বাগানের ভেতরে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণচেষ্টা করেন। এ সময় শিশুটির চিৎকার শুনে স্থানীয়রা ইমরানকে গণপিটুনি দিয়ে সাহাপাড়া ইউনিয়ন পরিষদে আটকে রাখে।
স্থানীয়দের অভিযোগ, একই দিন রাতে ইমরানকে ধর্ষণচেষ্টার অভিযোগ তদন্ত না করে মুচলেকা নিয়ে মুক্তি দেয় পুলিশ। পরবর্তীতে শুক্রবার রাত ১০টার দিকে ইমরান সরকারের বিরুদ্ধে মামলা করেন শিশুটির বাবা। পরে রাতেই গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অভিযুক্ত ইমরান সরকারকে গ্রেপ্তার করে পুলিশ।
তবে মুচলেকার বিষয়টি অস্বীকার করে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেই অভিযুক্তকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।
