logo

হাসপাতালে রোগীর ছদ্মবেশে স্বর্ণালংকার চুরি, গ্রেপ্তার ৭ নারী

হাসপাতালে রোগীর ছদ্মবেশে স্বর্ণালংকার চুরি, গ্রেপ্তার ৭ নারী
গ্রেপ্তার সাত নারী। ছবি : পুলিশের সৌজন্যে

চট্টগ্রামের মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর ছদ্মবেশে স্বর্ণের চেইন চুরির অভিযোগে সাত নারীকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা-পুলিশ। এ সময় চুরি যাওয়া স্বর্ণালংকারের একটি অংশ উদ্ধার করা হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালের বহির্বিভাগের টিকিট কাউন্টারের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নারীরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমণ্ডল এলাকার আমেনা খাতুন (২৫), সালমা ওরফে তানিয়া বেগম (২৫), অজুফা বেগম (২৫), হালিমা (৩০), শানজিলা ওরফে সাদিয়া (২৩), তাহমিনা আক্তার (২০) এবং সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আমিনা খাতুন (৩৬)।

পুলিশ জানায়, রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগের টিকিট কাউন্টারে চিকিৎসা নিতে আসা রোগীরা লাইনে দাঁড়িয়েছিলেন। এ সময় ১০ থেকে ১১ জন নারী রোগীর ছদ্মবেশে লাইনে দাঁড়িয়ে ভিড় ও ধাক্কাধাক্কি সৃষ্টি করেন। এই সুযোগে চিকিৎসা নিতে আসা তিন নারীর গলা থেকে তিনটি স্বর্ণের চেইন চুরি করা হয়। চেইনগুলোর মোট ওজন আনুমানিক ১৭ আনা ২ রতি ১ পয়েন্ট।

খবর পেয়ে জোরারগঞ্জ থানা-পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় ঘটনাস্থল থেকে সাত নারীকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে চুরি যাওয়া স্বর্ণালংকারের ৬ আনা ২ রতি ১ পয়েন্ট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার নারীরা চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার ভাষ্য, তারা একটি পেশাদার চোর চক্রের সদস্য। দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে মেলা, হাটবাজার ও জনসমাগমে কৃত্রিম ভিড় সৃষ্টি করে টাকা-পয়সা, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র চুরি করে আসছিলেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় জোরারগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে। গ্রেপ্তার নারীদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।