logo

পাঁচবিবিতে ৮৯ লাখ টাকার কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ২

পাঁচবিবিতে ৮৯ লাখ টাকার কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ২
দুইজনকে আটক করে বিজিবি। ছবি: এশিয়া পোস্ট

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ভারতে পাচারের উদ্দেশ্যে মজুত রাখা তিনটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা মূর্তিগুলোর জব্দ মূল্য নির্ধারণ করা হয়েছে ৮৯ লাখ ১০ হাজার টাকা।

রোববার (২৫ অক্টোবর) বিকেলে বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আটক ব্যক্তিরা হলেন পাঁচবিবি উপজেলার পুরইল গ্রামের মৃত জগা মাহাতের ছেলে সন্তোষ মাহাত (৩৫) এবং পূর্ব বালিঘাটা গ্রামের মৃত ধীরেন চন্দ্র রায়ের ছেলে সুজন চন্দ্র রায় (৩৪)।

বিজিবি জানায়, স্থানীয় নির্ভরযোগ্য সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) জানতে পারে পাঁচবিবি উপজেলার বিভিন্ন স্থানে ভারতে পাচারের উদ্দেশ্যে কয়েকটি কষ্টিপাথরের মূর্তি মজুত রাখা হয়েছে। এর প্রেক্ষিতে রোববার রাত আনুমানিক ১টার দিকে ব্যাটালিয়ন অধিনায়কের নেতৃত্বে বিশেষ টহলদল দুটি পৃথক অভিযান চালায়। অভিযানে পুলিশ ও পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন উপস্থিত ছিলেন।

অভিযানের প্রথমটিতে ৪২ কেজি ৭০০ গ্রাম ও ৩৭ কেজি ৬০০ গ্রাম ওজনের দুটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়। পরে দ্বিতীয় অভিযানে ৮ কেজি ৮০০ গ্রাম ওজনের একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়। তিনটি মূর্তির মোট ওজন ৮৯ কেজি ১০০ গ্রাম। বিজিবি উদ্ধার করা মূর্তিগুলোর জব্দ মূল্য ৮৯ লাখ ১০ হাজার টাকা নির্ধারণ করেছে।

উদ্ধার করা তিনটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন নওগাঁর বদলগাছী উপজেলার পাহাড়পুর বৌদ্ধবিহারে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।