logo

মসজিদে শিশু ধর্ষণ, ইমামের যাবজ্জীবন

মসজিদে শিশু ধর্ষণ, ইমামের যাবজ্জীবন
দণ্ডপ্রাপ্ত মুছা মিয়া। ছবি: এশিয়া পোস্ট

জামালপুরের দেওয়ানগঞ্জে মসজিদে এক শিশুশিক্ষার্থীকে ধর্ষণের দায়ে মুছা মিয়া ওরফে মুছা হুজুর নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (২৫ অক্টোবর) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এ রায় ঘোষণা করেন।

মুছা মিয়া (২৭) গাইবান্ধা জেলার ফুলছরি থানার হরিচন্ডি গ্রামের মো. মনিরুল ইসলামের ছেলে। তিনি উপজেলার সানন্দবাড়ী মণ্ডলপাড়া এলাকার একটি গ্রাম্য জামে মসজিদে ইমামতি করতেন ও শিশুদের আরবি পড়াতেন।

জানা যায়, ২০২০ সালের ২৮ নভেম্বর মণ্ডলপাড়া এলাকার গ্রাম্য জামে মসজিদে এ ঘটনা ঘটে। ওই সময় ভুক্তভোগী শিশুটির বয়স ছিল ১৫ বছর। সে মসজিদে আরবি পড়তে যেত।

এজাহারে অভিযোগ করা হয়, অন্য শিক্ষার্থীদের ছুটি দিয়ে ভুক্তভোগীকে মসজিদে রেখে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করাতেন অভিযুক্ত মুছা মিয়া। এ সুযোগে শিশুটিকে ধর্ষণ করেন তিনি। পরে একইভাবে ১ ও ২ ডিসেম্বরও ধর্ষণের ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়। পরে তার মা ঘটনার বিষয়ে জানতে পারেন। এরপর ২০২০ সালের ৮ ডিসেম্বর তিনি দেওয়ানগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক বলেন, আদালতে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। তাই আদালত তাকে যাবজ্জীবন দিয়েছেন। এ রায়ে আমরা সন্তুষ্ট।

রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। রায়ে বাদীপক্ষ সন্তোষ প্রকাশ করেছে।