কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ড/স্কুলশিক্ষিকা মুক্তার জানাজা সম্পন্ন, দাফন হবে দাদার কবরের পাশে

কক্সবাজারের উখিয়ার ইনানীতে ‘টুপটুপ’ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত স্কুলশিক্ষিকা নাসরিন আক্তার মুক্তার (২৭) প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। তিনি ঢাকা জেলা ছাত্রদলের সহসভাপতি দেওয়ান ফয়সালের স্ত্রী। বৃষ্টি উপেক্ষা করে শত শত শোকাহত মানুষ ও রাজনৈতিক নেতাকর্মী জানাজায় অংশ নেন।
বুধবার (২৮ অক্টোবর) দুপুর ১টা ৩৫ মিনিটে সাভারের আশুলিয়ার নিরিবিলি এলাকার বাইতুর রব জামে মসজিদের পাশে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ অংশ নেন।
প্রথম জানাজা শেষে মরহুমার শেষ ইচ্ছা অনুযায়ী তার মরদেহ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তালতলা বেতমোর ইউনিয়নে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে পৈতৃক জমিতে দাদার কবরের পাশে তাকে দাফন করা হবে।
নিহত শিক্ষিকার মামা মোহাম্মদ আব্দুল্লাহ আল লিজন জানান, গত ১৭ অক্টোবর সকালে উখিয়ার পাটুয়ারটেকে মেরিন ড্রাইভ-সংলগ্ন তিনতলা ‘টুপটুপ রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই দিন ফায়ার সার্ভিস ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ১০ জনের মরদেহ উদ্ধার করে ডিএনএ পরীক্ষার জন্য ঢাকায় পাঠায়। সে সময় নাসরিনের বোন ও ভাইয়ের ডিএনএ নমুনা দেওয়া হলেও প্রায় আট দিন পর জানানো হয়, সেগুলোর সঙ্গে উদ্ধার হওয়া মরদেহের ডিএনএর মিল পাওয়া যায়নি।
তিনি দাবি করেন, পরিবারের পক্ষ থেকে বারবার প্রশাসনের কাছে নিখোঁজ নাসরিনের বিষয়ে খোঁজ নেওয়া হলেও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা সঠিক তথ্য দিতে পারেননি। পরে পরিবারের সন্দেহ হলে নাসরিনের স্বামী দেওয়ান ফয়সালসহ স্বজনেরা নিজ উদ্যোগে রাতে পুড়ে যাওয়া রিসোর্ট এলাকায় গিয়ে খোঁজ নেন। সেখানে পোড়া অংশে মাছি উড়তে দেখে তারা বিষয়টি প্রশাসনকে জানান। এরপর প্রশাসনের উদ্যোগে পরদিন ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল পুনরায় তল্লাশি চালায়। ওই স্থান থেকেই নাসরিনের মরদেহ উদ্ধার করা হয়।
স্বজনদের অভিযোগ, ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দলের দায়িত্বশীল ব্যক্তিদের গাফিলতি এবং নিখোঁজ ব্যক্তিদের স্বজনদের বারবার জানানোর পরও যথাযথভাবে তল্লাশি না চালানোর কারণে মরদেহ উদ্ধারে দীর্ঘ সময় লেগেছে। তাদের দাবি, শুরু থেকেই যথাযথভাবে তল্লাশি চালানো হলে হয়তো আরও অক্ষত অবস্থায় মরদেহটি উদ্ধার করা সম্ভব হতো। এ ছাড়া তদন্ত কমিটির প্রতিবেদন ও মামলার ধারাগুলো নিয়েও অসন্তোষ প্রকাশ করেছে পরিবারটি। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছে।
বুধবার সকালে কক্সবাজার থেকে নাসরিন আক্তার মুক্তার মরদেহ আশুলিয়ার নিরিবিলি এলাকায় পৌঁছালে সেখানে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে চারপাশ।
নাসরিন পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তালতলা বেতমোর ইউনিয়নের মোস্তফা কামালের মেয়ে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাদার কবরের পাশে তাকে দাফন করা হবে।
