logo
Advertisement

জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ প্রাণ গেল ৩ জনের

এশিয়া পোস্ট নিউজ,জামালপুর
জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ প্রাণ গেল ৩ জনের
দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ছবি : এশিয়া পোস্ট

জামালপুরের দুই উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু হয়েছে।

Advertisement

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) জেলার দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় এসব ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদসংলগ্ন পুরাতন রেললাইন এলাকায় আব্দুর রশিদের বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। তা মেরামতের চেষ্টা করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় রশিদ-লাকী দম্পতির ১৪ বছর বয়সী ছেলে রাজু। ছেলেকে তারে আটকে থাকতে দেখে তাকে বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হন মা লাকী আক্তার (৪০)। নাতি ও পুত্রবধূকে বিপদে পড়তে দেখে তাদের উদ্ধারে এগিয়ে গিয়ে গুরুতর আহত হন দাদি বুলি বেগম।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই রাজু ও লাকী আক্তারের মৃত্যু হয়। আহত বুলি বেগম বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

অন্যদিকে, একই দিন বিকেলে মেলান্দহ উপজেলার কোনা মালঞ্চ আমেনা দাখিল মাদ্রাসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় দশম শ্রেণির ছাত্র মোহাম্মদ জোনায়েদ হাসান তায়িব। সে দক্ষিণ হাজরাবাড়ি এলাকার মোহাম্মদ কাজল মিয়ার ছেলে।

মাদ্রাসার ছুটির পর শ্রেণিকক্ষ থেকে বই আনতে গিয়ে ভবনের ছাদসংলগ্ন স্থানের বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে ঘটনাস্থলেই প্রাণ হারায় তায়িব।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম মাহমুদুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।