গাজীপুরে গাছের ঢালে ঝুলছিল অর্ধগলিত লাশ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গলাচিপা এলাকায় গজারী বন থেকে মশিউর রহমান (৪৫) নামে অর্ধগলিত এক কারখানা শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৯ আগস্ট) দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এর আগে গত বুধবার থেকে তিনি নিখোঁজ ছিলেন বলে জানিয়েছে তার পরিবার।
মশিউর রহমান রংপুরের গঙ্গাচুরা উপজেলার রাজভল্লবপুর এলাকার আব্দুল মিজিদের ছেলে। তিনি স্থানীয় একটি পোশাক তৈরি কারখানায় কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রংপুরের মশিউর রহমান গাজীপুর সদর উপজেলার বাংলাবাজার এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় জেএমে গার্মেন্টেসে চাকরি করতেন। গত বুধবার থেকে তিনি নিখোঁজ হন। শনিবার দুপুরের দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গলাচিপা এলাকায় গহীন গজারী বনের ভেতর থেকে পচা দুর্গন্ধ বের হতে থাকে। এ সময় এলাকাবাসীর সন্দেহ হলে তারা বনের ভেতর গিয়ে দেখতে পান এক ব্যক্তির অর্ধগলিত লাশ গজারী গাছের ঢালে ঝুলে রয়েছে। তবে তার দেহের অনেকাংশই মাটির সঙ্গে লাগোয়া ছিল।
ঘটনাস্থলে নিহতের গলায় রশি পেঁচানো এবং মুখমণ্ডল কালো অবস্থায় পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা কয়েক দিন আগে ওই ব্যক্তিকে হত্যার পর লাশ গাছের সঙ্গে ঝুলিয়ে রেখেছে। লাশ যাতে চিনতে না পারে, সে জন্য মুখে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টাও করা হয়।
কালিয়াকৈর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী মনিকা বেগম বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেছেন।
কালিয়াকৈর থানার পরিদর্শক (অপারেশন) রবিউল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে ওই ব্যক্তিকে দুর্বৃত্তরা হত্যা করে সেখানে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয়।


