নদীতে গোসলে নেমে নিখোঁজ, ১৯ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের বিনোদপুর গ্রামে ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিদল।
প্রায় ১৯ ঘণ্টা অভিযান চালানোর পর বুধবার (১ এপ্রিল) সকাল ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত কিশোরের নাম মো. রাকিব (১৫)। তিনি মাদারীপুর জেলার শিবচর উপজেলার চর বাচামারা খলিফাকান্দি গ্রামের বাসিন্দা। তার পিতা মো. শাহাদত মাতব্বর সৌদি আরব প্রবাসী।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর ২টার দিকে রাকিবসহ তিন বন্ধু ধলেশ্বরী নদীতে গোসল করতে নামে। এ সময় দুজন সাঁতরে তীরে উঠতে পারলেও রাকিব নিখোঁজ হয়ে যায়।
খবর পেয়ে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ সময় ধরে তল্লাশি চালানোর পর অবশেষে বুধবার সকাল ৯টার দিকে নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
উদ্ধারের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। তিনি নদীতে গোসলের সময় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।