ইউটিউব দেখে অকটেন তৈরির সময় বিস্ফোরণে দগ্ধ যুবকের মৃত্যু

ফেনীর সোনাগাজী উপজেলায় ইউটিউব দেখে অকটেন তৈরির চেষ্টার সময় বিস্ফোরণে দগ্ধ একটি কারখানার স্বত্বাধিকারী নুর আলম মাসুদ মারা গেছেন।
টানা চার দিন ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৭ এপ্রিল) রাতে তার মৃত্যু হয়।
এই ঘটনায় দগ্ধ তার সহকারী ওমর ফারুক আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে পারিবারিক সূত্রে নিশ্চিত করা হয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে সোনাগাজী পৌরসভার ৯নং ওয়ার্ডের ‘সততা অয়েল মিল’ নামে একটি কারখানায় কারিগরি বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট দপ্তরের অনুমোদন ছাড়া অকটেন তৈরির প্রচেষ্টা চলে। তখন একটি পাইপ বিকট শব্দে বিস্ফোরিত হয়ে কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। এতে নুর আলম মাসুদ ও তার সহকারী ওমর ফারুক দগ্ধ হন।
বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে ফেনী জেনারেল হাসপাতাল এবং সবশেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
সংশ্লিষ্টদের মতে, দাহ্য পদার্থ উৎপাদন বা প্রক্রিয়াজাতকরণের জন্য বাধ্যতামূলক লাইসেন্স, পর্যাপ্ত অগ্নি-নির্বাপণ ব্যবস্থা এবং বিশেষজ্ঞ তদারকি প্রয়োজন থাকলেও ওই প্রতিষ্ঠানের কোনোটি ছিল না।
নিহতের ভাই মোর্শেদ জানান, তার ভাই সম্পূর্ণ নতুন একটি পদ্ধতিতে অকটেন তৈরির চেষ্টা করছিলেন। মূলত তাপমাত্রা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় পাইপ ফেটে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠক জিয়া উদ্দিন হৃদয় বলেন, ‘নুর আলম মাসুদ প্রায় সময় ইউটিউব দেখে নতুন কিছু উদ্ভাবনের চেষ্টা করতেন। সম্প্রতি অকটেন তৈরির একটি পদ্ধতি অনুসরণ করতে গিয়েই তিনি এই দুর্ঘটনার শিকার হন।’
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।