ধামরাইয়ে পরিত্যক্ত গোডাউনে আগুন

ঢাকার ধামরাইয়ের বেসিক শিল্পনগরীতে মুকুল পিভিসি ইন্ডাস্ট্রিজের একটি পরিত্যক্ত গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রোববার (১৮ অক্টোবর) সকাল ৯টা ১৭ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় সকাল ১০টা ২০ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ধামরাই ফায়ার স্টেশনের দেওয়া তথ্য অনুযায়ী, গোডাউনটি আনুমানিক ১০০ ফুট ও ৩০ ফুট আয়তনের একটি স্টিল স্ট্রাকচারের স্থাপনা। আগুন লাগার সম্ভাব্য কারণ গ্যাস লিকেজ বলে ধারণা করা হচ্ছে। খবর পাওয়ার আট মিনিটের মধ্যে, সকাল ৯টা ২৫ মিনিটে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। স্টেশন অফিসার আল আমিন খানের নেতৃত্বে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সকাল ৯টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং সকাল ১০টা ২০ মিনিটে সম্পূর্ণ নির্বাপণ করা হয়।
