logo
Advertisement

চট্টগ্রামে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,চট্টগ্রাম
চট্টগ্রামে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২
ছবি : এশিয়া পোস্ট গ্রাফিক্স

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নার্সিং শিক্ষার্থীসহ দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

Advertisement

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে চন্দনাইশ উপজেলার শাহসুফি মাজার গেট বটতল এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনায় কবলিত গাড়ি দুটি উদ্ধার করে। একই সঙ্গে বাসের চালক সোলাইমানকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

নিহতরা হলেন—লোহাগাড়া উপজেলার পদুয়া দক্ষিণ আমিরাবাদ এলাকার নার্সিং শিক্ষার্থী তোফায়েল মুরছালীন এবং চন্দনাইশ উপজেলার উত্তর কাঞ্চননগর গ্রামের মৃত কালু মিয়ার ছেলে আব্দুল গফুর।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী একটি দ্রুতগতির বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি ধাক্কা লাগে। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গিয়ে চালকসহ পাঁচ যাত্রী গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অন্য আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তরের সময় পথে আরও একজনের মৃত্যু হয়। বর্তমানে আহত তিনজনকে চমেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী জানান, ঘাতক বাসটি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। আটক চালকের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।