logo
Advertisement

ছেলেকে হত্যা করে অটোরিকশা ছিনতাই, খবর শুনে মায়ের মৃত্যু

এশিয়া পোস্ট নিউজ, গাজীপুর
ছেলেকে হত্যা করে অটোরিকশা ছিনতাই, খবর শুনে মায়ের মৃত্যু
কাপাসিয়া থানা। ছবি : সংগৃহীত

গাজীপুরের কাপাসিয়ায় আতাউর রহমান (৫৫) নামে এক অটোরিকশাচালককে কুপিয়ে হত্যার পর তার বাহনটি ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এদিকে ছেলের হত্যাকাণ্ডের খবর সইতে না পেরে মা জহুরা খাতুনও (৭৫) মৃত্যুর কোলে ঢলে পড়েছেন।

Advertisement

নিহত আতাউর রহমান (আতা) উপজেলার বারিষাব ইউনিয়নের চেংনা এলাকার বাসিন্দা ছিলেন।

পরিবারের সদস্য ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত আনুমানিক ৮টার দিকে কাপাসিয়া উপজেলার সনমানিয়া ইউনিয়নের মির্জানগর সরকার বাড়িসংলগ্ন কাঁচা রাস্তায় আতাউর রহমানের ক্ষতবিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

পরে তারা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। এদিকে সন্তানকে হত্যা করা হয়েছে—এমন খবর পাওয়ার পর শোকে বিহ্বল হয়ে পড়েন বৃদ্ধা মা জহুরা খাতুন এবং কিছুক্ষণের মধ্যেই মারা যান।

নিহত আতাউরের ফুফাতো ভাই আকরাম হোসেন রিপন জানান, ছেলের মৃত্যুর খবর শোনার পরপরই ফুফু মারা যান। শুক্রবার বেলা সাড়ে ১১টায় তার জানাজা সম্পন্ন হয়েছে।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ বলেন, অটোরিকশাটি ছিনতাইয়ের চেষ্টা করার সময় চালক বাধা দিলে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে। এ খবর শুনে তার মায়ের মৃত্যু হয়েছে বলেও জেনেছি। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ইতোমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ঘটনায় গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আইউবী বলেন, অটোরিকশাচালককে নির্মমভাবে হত্যার পর তার বৃদ্ধা মায়ের মৃত্যুর ঘটনাটি হৃদয়বিদারক। আমি শোকার্ত পরিবারের পাশে গিয়ে সমবেদনা জানিয়েছি এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আশ্বাস দিয়েছি।